তরুণীর বস্তাবন্দী মৃতদেহ : হাতের ট্যাটু দেখে পরিচয় তদন্তে পুলিশ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৫ডিসেম্বর’১৯:-

বস্তাবন্দি অবস্থায় ঘাট থেকে উদ্ধার হলো তরুণীর দেহ। ঘটনাটি ঘটেছে, কলকাতার বাগবাজার ঘাটে। বৃহস্পতিবার সকালে বাগবাজার ঘাটে তরুণীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, এখনও মৃত তরুণীর পরিচয় জানা যায়নি। মৃতের দু’হাতে থাকা ট্যাটুর সূত্র ধরে তরুণীর পরিচয়ের সন্ধানে পুলিশ। জানা গেছে, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালেও বাগবাজার ঘাটে জনসমাগম ছিল। সেই সময় হঠাৎই কয়েকজনের নজরে পড়ে একটি বস্তা। কৌতুহলবশত সেই বস্তাটি খুলতেই দেখা যায় হলুদ ও সবুজ রঙের শাড়ি। শাড়িটি বের করার চেষ্টা করতেই বস্তা থেকে উদ্ধার হয় এক তরুণীর দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, তরুণীর দুটি হাতেই ট্যাটু রয়েছে। পরণে শাড়ি। আনুমানিক ২৮-৩০ বছর বয়স হতে পারে তরুণীর। মৃতদেহর ট্যাটু ও শাড়ির বিবরণ দেখে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। শেষ কয়েকদিনে নিকটবর্তী থানাগুলিতে যে মিসিং ডায়েরি করা হয়েছিল, সেগুলির ভিত্তিতেও তরুণীর পরিচয় পাওয়া যেতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। যৌন নির্যাতনের পরে খুন, নাকি অন্য কোনও কারণ, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!