নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১অক্টোবর’১৯:-

ভয়াবহ অগ্নিকাণ্ড গ্রাস করলো গোটা একটি তুলো কারখানাকে। ঘটনাটি ঘটেছে, হাওড়া সালকিয়ার বাঁধাঘাটের এক তুলো কারখানায়। সূত্রের খবর, সোমবার দুপুর দেড়টা নাগাদ স্থানীয়রা দেখতে পান তুলোর কারখানা থেকে অগ্নিশিখা বার হচ্ছে। ঘটনার খবর ছড়াতে গোটা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকল বাহিনীর চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, প্রায় ১২০০ বর্গফুট এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। এই আগুন নিয়ন্ত্রণে আনা কার্যত দমকল বাহিনীর কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কি কারনে ও কোথা থেকে ঠিক আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষতির পরিমাণ বলা এখন মুশকিল। এলাকাটি ঘন জনবসতিপূর্ণ ও হিঞ্জি হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হয়ে পড়েছে দমকল বাহিনীর কাছে। পরিস্থিতি কঠিন হওয়ার কারণে দমকলের আরো একটি ইঞ্জিন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।