নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৭ডিসেম্বর’১৯:-

দাউদাউ করে আগুনের জেরে গোটা আকাশ কালো ধোঁয়া, ভয়ে এদিক-সেদিক দৌড়তে শুরু করলো পাশের স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার বাটানগর এলাকায়। সূত্রের খবর, শনিবার সকাল ১১.৩০ নাগাদ আচমকাই রাস্তার ধারে রাখা জলের পাইপের স্তূপে আগুন লেগে যায়। তারপরই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। তার পাশেই রয়েছে একটি স্কুল। স্বাভাবিকভাবেই সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ায় আতঙ্ক। স্কুল পড়ুয়াদের ইতিমধ্যেই বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশ বাহিনীকে। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল বাহিনী। কিন্তু ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পাইপের সঙ্গে কোনও দাহ্য পদার্থ মজুত ছিল কি না, এবং তার থেকেই আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ঘটনায় বাটানগরের ওই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক গাড়ি সেই রাস্তা দিয়ে ঘুরিয়েও দেওয়া হয়। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা সম্ভব হবে।
