ক্যাব বিরোধিতায় উত্তাল বাংলা : শান্তির আবেদন মুখ্যমন্ত্রীর |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ১৩ ডিসেম্বর’১৯ :-

সিটিজেন আমেন্ডমেন্ট বিল ,সংক্ষেপে ক্যাব বিরোধিতায় এবার অগ্নিগর্ভ বাংলা । শান্তির আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আসামের পর বাংলাতেও ছড়িয়ে পড়ল নাগরিকত্ব আইনের প্রভাব। শুক্রবার দুপুর থেকে কলকাতা সহ বাকি জেলাগুলোতেও দেখা দিল বিশৃঙ্খল অবস্থা। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি। এর পাশাপাশি আগামী সোমবার থেকে বিভিন্ন কর্মসূচীর ডাক দিয়েছে রাজ্য সরকার।
পরিস্থিতি শান্ত করতে শান্তির আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার দুপুর থেকেই অশান্তিকর অবস্থা শুরু হয়ে যায় চারিদিকে। ধর্মতলা চত্বরে সংখ্যালঘুদের মিছিল থেকে শুরু করে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে নাগরিকত্ব আইন ও এন আর সি এর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখা দেয়।
শহর কলকাতার পাশাপাশি বিশৃঙ্খলা দেখা দেয় আশেপাশের জেলাগুলোতেও। হাওড়ার উলুবেরিয়াতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেললাইনে টায়ার জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। অবরোধের জন্য উলুবেরিয়া স্টেশনে দাঁড়িয়ে পরে করমন্ডল এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস। আটকে যায় বহু লোকাল ট্রেনও।
মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানায় ভাঙচুরের চেষ্টা করে বিক্ষোভকারীরা। উত্তেজিত জনতাকে রুখতে শূন্যে গুলি চালায় পুলিশ।
এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন। তবে প্রতিবাদ বিরোধিতা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে হয় ,সে বার্তাও দিয়েছিলেন । কিন্তু তার কিছুক্ষন বাদেই কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে হিংসাত্মক আন্দোলনের খবর আসতে থাকে । মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিবাদ অবশ্যই হোক। তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। কেউ আইন নিজের হাতে নেবেন না।”
রাজ্যের এডিজি জ্ঞানবন্ত সিং জানিয়েছেন , “এমন কিছু হয়নি। দু’টো ঘটনা ঘটেছে। উলুবেড়িয়া ও বেলডাঙায়। উলুবেড়িয়ার ঘটনায় রেল থেকে ফোন করেছিল, আমি তখন মুখ্যমন্ত্রীর মিটিং-এ ছিলাম। ওরা সাহায্য চেয়েছিল, আমরা পুলিশ পাঠিয়েছি।”

ভিডিও বার্তা দেখুন ,,নীচের রেড লাইনে ক্লিক করে …
ক্যাব বিরোধিতায় উত্তাল দক্ষিণ বঙ্গ , ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!