নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ডিসেম্বর’১৯:-

হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারকে নির্দেশ দেয়, এনআরসি-সিএএ বিরোধিতায় করে রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞাপন, রাজ্যের সমস্ত ওয়েব সাইট, ফেসবুক পেজ সহ সব জায়গা প্রকাশ করা হয়েছিল, তা অবিলম্বে প্রত্যাহার করার। নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে কোথাও কোনও বিজ্ঞাপন দিতে পারবে না রাজ্য সরকার। সোমবার আদালতের এই নির্দেশ স্বভাবতই বেশ খানিকটা অস্বস্তি বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।
এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুরু থেকেই কেন্দ্রের বিরোধিতায় করে চলেছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধনী আইন ও দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি বলবৎ করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ ভারত। তাতে প্রাণ গিয়েছে একাধিকের। পথে নেমেছে পশ্চিমবঙ্গের প্রতিবাদী মানুষ। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকার কোষাগারের টাকায় বিজ্ঞাপন দিচ্ছে। আর সেই বিজ্ঞাপনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি।
