নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, 22 ফেব্রুয়ারি ২০২৬ :

মহানন্দার তীরে ‘স্বচ্ছ জল স্বচ্ছ মন’: শিলিগুড়িতে সন্ত নিরঙ্করী মিশনের বিশাল সাফাই অভিযান
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: “জলই জীবন, আর সেই জলকে নির্মল রাখাই প্রকৃত ভক্তি।” এই মন্ত্রকে পাথেয় করে শিলিগুড়ির মহানন্দা নদীর তটজুড়ে চলল বিশাল পরিচ্ছন্নতা অভিযান। হরদেব সিংহ জি মহারাজের ৭২তম জন্মদিনের প্রাক্কালে, সন্ত নিরঙ্করী মিশনের উদ্যোগে আয়োজিত হলো ‘অমৃত জল প্রকল্প’। এই প্রকল্পের মূল লক্ষ্য— ‘স্বচ্ছ জল, স্বচ্ছ মন’।
রবিবার শিলিগুড়ি শহরের লাল মোহন মৌলিক ঘাটে মহানন্দা নদীর তীরে এই বিশেষ অভিযানের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই সাদা পোশাকে সজ্জিত মিশনের কয়েকশো স্বেচ্ছাসেবক নদীর বুক থেকে প্লাস্টিক, আবর্জনা ও কচুরিপানা পরিষ্কারে হাত লাগান। শিলিগুড়ি ছাড়াও এনজেপি, বাগডোগরা ও তারাবাড়ি এলাকা থেকে প্রায় ৬০০ জন ‘সন্ত ভাই-বোন’ এই মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উল্লেখ্য, গত বছর ভারতের ২৭টি রাজ্যে অন্তত ১৫০০টি নদী ও জলাশয়ে এই প্রকল্প সফলভাবে রূপায়িত হয়েছিল। ২০২৩ সালে খোদ ভারত সরকার এই প্রকল্পের গুরুত্ব বুঝে এতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। উত্তরবঙ্গের শিলিগুড়ি ছাড়াও আজ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বীরপাড়া, বিন্নাগুড়ি ও হাসিমারাতেও সমান্তরালভাবে এই সাফাই অভিযান চালানো হয়। মিশনের সদস্যদের মতে, নদী বাঁচলে তবেই সভ্যতা বাঁচবে, আর এই বার্তাটিই তারা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে চান।