নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯নভেম্বর’১৯:-

ছবি সৌজন্য -অন্তর্জাল
বই পড়লেই রেস্টুরেন্টে ৪০ টাকার কফি সম্পূর্ণ বিনামূল্যে। বোলপুর নেতাজি মার্কেটের কাছে এই রেস্টুরেন্টে ‘বই পড়লেই কফি ফ্রি’ ঘোষণা করা হয়েছে। বর্তমান যুগে বই পড়ার প্রবনতা অনেকটা কমেছে। নতুন প্রজন্ম রেস্টুরেন্টে বসে সাধারণত মোবাইল হাতে ফেসবুক, হোয়াটস আপ বা সেলফি তুলতে ব্যস্ত থাকেন সকলে। বই পড়ার প্রতি ঝোঁক বাড়াতেই বোলপুরের এই রেস্টুরেন্টে অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেস্টুরেন্টের মালিক তাপস মল্লিক জানান “নতুন প্রজন্মকে বই হাতে দেখাটাই বিরল হয়ে উঠেছে৷ তাই বই পড়ার রেওয়াজ প্রচলনে আমি এই উদ্যোগ নিয়েছি।”
বই পড়লেই কফি বিনামূল্যের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের শিক্ষিত মহল।রেস্টুরেন্টের মেনু কার্ডে কফি প্রতি ৪০ টাকা। কিন্তু রেস্টুরেন্ট এসে বই পড়লেই এই কফি মিলছে সম্পূর্ণ বিনামূল্যে। রেস্টুরেন্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রামপুরহাট তথা বীরভূমের বিখ্যাত কবি, সাহিত্যিক তৈমুর খান। তিনি জানান, বইয়ের সাথে কফির একটি নিবিড় সম্পর্ক আছে।মানুষকে বইমুখী করার এই অভিনব চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়। এই প্রজন্ম সর্বদা মোবাইলে ব্যাস্ত, তাদের বইমুখী করতে কফির আকর্ষন, সত্যি অভূতপূর্ব।