নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ সেপ্টেম্বর ২০২৪ :-

গন্ডারের তাড়া খেয়ে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত গন্ডারের কাছে হার স্বীকার করে মৃত্যুকে বরণ করতেই হলো এক যুবকের। ঘটনাটি ঘটে আসামের মরিগাঁও জেলায় পবিতোরায় সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে।
জানা যায়, গত রবিবার অসমের কামরূপ জেলার বাসিন্দা ৩৬ বয়সী সাদ্দাম হোসেন, নিজের বাইকে করেই বাড়ি থেকে ৩০ কিমি দূরে মরিগাঁও জেলার পবিতোরায় সংরক্ষিত বনাঞ্চলের দিকে যাচ্ছিলেন। এমনসময় আকস্মিক ভাবেই একটি গন্ডার তার বাইকের সামনে এসে পড়তেই যুবকটি কিছুটা হকচকিয়ে যায়। কোনরকম ভাবে বাইকটি ফেলে দিয়েই রাস্তার পাশের মাঠে নেমে পড়ে, তবুও গন্ডারটি নিজের মতন না চলে গিয়ে উল্টে যুবকটিকে ধাওয়া করতে থাকে। অনেক দৌড়ে শেষ পর্যন্ত রেহাই মেলে না সাদ্দাম হোসেনের, একপ্রকার গন্ডারটি নিজের আয়ত্তের মধ্যেই পেয়ে যায় সাদ্দাম হোসেনকে। গণ্ডারটি একবারে আছড়ে তুলে চাকা দিয়ে পিষে দেওয়ার মতনই পা দিয়ে পিষে ফেলে যুবকটিকে, থেঁতলে দেয় মাথা, সঙ্গে সঙ্গে সাদ্দাম হোসেনের রক্তাক্ত দেহ মাঠে লুটিয়ে পড়ে।
পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দারা এই ঘটনা দেখেই ছুটে আসে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং বনদপ্তর এর আধিকারিকরা চলে আসেন।
বনদপ্তরের আধিকারিকদের কথা অনুযায়ী জানা যায়, পাশের সংরক্ষিত বনাঞ্চল থেকে গন্ডারটি বেরিয়ে এসেছিল। গন্ডারটির ওজন ছিল প্রায় তিন টনের মত।
একজন যুবকের গন্ডারের হাতে অকাল মৃত্যুতে স্থানীয় বাসিন্দা ও পরিবারের মানুষদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।