নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ :-

আজ ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই বছর প্রধানমন্ত্রীর বয়স হলো ৭৪ বছর। আজকের দিনেই মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্পের উদ্বোধন হলো। ইতিমধ্যে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মহিলাদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে, আজ সুভদ্রা যোজনার উদ্বোধন করলেন। উড়িষ্যার মহিলাদের জন্য এটি একটি দারুণ প্রকল্প। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী জানা যাচ্ছে, এই প্রকল্পের নাম সুভদ্রা যোজনা দেওয়া হয়েছে তার কারণ, উড়িষ্যায় যেহেতু জগন্নাথ প্রভুর মন্দির রয়েছে, এছাড়া জগতের নাথ হিসেবে জগন্নাথকে মানা হয়, সেইজন্য জগন্নাথের বোন সুভদ্রার নাম অনুযায়ী এই প্রকল্পের নাম সুভদ্রা যোজনা।
সুভদ্রা যোজনা প্রকল্পের মূল লক্ষ্য হলো, মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে দুটি কিস্তিতে ৫০০০ টাকা করে বছরে মোট ১০ হাজার টাকা দেওয়া হবে। ২০২৫ সালের ৮ মার্চ নারী দিবস উপলক্ষে প্রথম কিস্তি দেওয়া হবে এবং ২০২৫ সালের রাখি পূর্ণিমার দিন দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। পাঁচ বছরে মোট ৫০ হাজার টাকা পাবেন মহিলারা, এই সুভদ্রা যোজনার মাধ্যমে। এছাড়া আবেদনকারী মহিলারা ডেবিট কার্ড পেয়ে যাবেন সুভদ্রা যোজনার মাধ্যমে।
সুভদ্রা যোজনা এর নাম অন্তর্ভুক্ত করতে হলে কিছু শর্ত মানতে হবে তার মধ্যে উল্লেখিত হলো-
১) উড়িষ্যার স্থায়ী মহিলা বাসিন্দা হতে হবে।
২) আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, সেই সাথে কেওয়াইসি পূরণ করতে হবে।
৩) আবেদনকারী মহিলার ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
৪) পারিবারিক আয় বছরে আড়াই লক্ষের বেশি হলে চলবে না।
৫) আবেদনকারী মহিলার রেশন কার্ড থাকতে হবে।
আপনারা যারা এই প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক, তারা অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য, আপনি আপনার নিকটবর্তী ব্যাংক, পোস্ট অফিস কিংবা কমন সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।