নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২২ জানুয়ারি’২০২০ :-

মহিলা আই পি এস অফিসারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল আসাম রাইফেলস এর এক জওয়ান এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মনিপুর থৌবাল জেলার তেংনৌপাল এলাকায়। জানা যায়, রবিবার ওই মহিলা আই পি এস অফিসার ডিউটি শেষে অসামরিক পোষাকে তার সহকর্মীদের সাথে ফেরার সময় খুদেনথাবি চেকপোস্টের কাছে ১২ জনের আসাম রাইফেল জওয়ানের একটি দল তাদের গাড়ি থামায়।
ওই মহিলা আই পি এস অফিসার জানান, “আমি ও আমার সহকর্মীরা ডিউটি শেষে ফিরছিলাম। তখন আসাম রাইফেলস এর একটি বাহিনী আমাদের গাড়ি থামায় ও পরিচয়পত্র দেখতে চায়। আমরা সবাই আমাদের পরিচয়পত্র বের করে দেখাই কিন্তু তার পরেও একজন জওয়ান আমাদের গ্ৰেফতার করার হুমকি দেয়”।
তিনি বলেন, “ওই জওয়ান আমাদের গাড়ির ওপর হামলা করে ও আমি যে সিটে বসে ছিলাম সেখানে এসে আমাকে ধরতে চায়। আমাকে বলে ডি জি পি বা মুখ্যমন্ত্রী কে অভিযোগ করলেও তারা আমাদের যেতে দেবে না”।
জানা যায়, ওই মহিলা অফিসার রবিবারই তেংনৌপাল থানায় ওই জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
সোমবার মনিপুরের ডিজিপি এল এম খৌটে জানান, অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।