নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ফেব্রুয়ারি’২০২০ :-

অসমের সমস্ত সংস্কৃত টোল এবং মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল অসমের বিজেপি সরকার। আগামী ৬ মাসের মধ্যে সমস্ত সংস্কৃত টোল এবং মাদ্রাসা গুলিকে স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরকম পদক্ষেপ নেওয়ার সপক্ষে অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “এটি কোনও ধর্মনিরপেক্ষ সরকারের কাজ নয়”।
২০১৭ সালে মাদ্রাসা এবং সংস্কৃত টোল ভেঙে সেগুলিকে অসমে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যু্ক্ত করেছিল আসাম সরকার। এবার সেগুলিকে বন্ধের পথে হাঁটছে তারা।
হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন, “আমাদের ১,২০০ মাদ্রাসা এবং ২০০ সংস্কৃত টোল রয়েছে অসমে, তাদের চালানোর কোনও স্বাধীন বোর্ড নেই। অনেক সমস্যা হচ্ছে, কারণ, তারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলের সমতূল শংসাপত্র পান। সেই জন্য সমস্ত মাদ্রাসা এবং সংস্কৃত টোল বোর্ডকে সাধারণ স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার”।
অসমের প্রায় ২,০০০ মাদ্রাসার ওপর নজরদারি চালাতে কঠোর নিয়ম তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, “যেহেতু রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান, ফলে তারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারে না। বেসরকারি মাদ্রাসা ও সংস্কৃত টোল চলতে পারে, তবে নিয়মিতভাবে সেখানে শিক্ষা চলছে কিনা, তা নজরদারি করতে আমরা নতুন আইন আনছি শীঘ্রই”।