ফেবু-ইন্সট্রা-ট্যুইটারে মজে বই ভুলেছে মানুষ : কর্মীহীন পড়ে গ্রামীণ গ্রন্থাগার |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ডিসেম্বর’১৯:-

কর্মী নেই। ধুঁকছে সরকার পোষিত গ্রামীণ গ্রন্থাগার। বিভিন্ন গ্রামাঞ্চলে পর্যাপ্ত কর্মীর অভাবে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রন্থাগার গুলো। জানা গেছে, কুমারগ্রাম ব্লকে ৭টির মধ্যে তিন তিনটি গ্রন্থাগার তাল বন্ধ হয়ে পড়ে রয়েছে । বাদবাকি গ্রন্থাগার গুলোর অবস্থাও তথৈবচ । কোথাও গ্রন্থাগারিক নেই, আবার কোথাও জুনিয়র লাইব্রেরী অ্যাটেন্ডেন্টের পদ ফাঁকা পড়ে আছে তো কোথাও গ্রুপ ‘ডি’ স্টাফ নেই । জোড়াতালি দিয়ে কোনমতে ঝাপ খোলা রাখা হয়েছে মাত্র । গ্রন্থাগারিক অবসর নেওয়ায় কুমারগ্রাম, চ্যাংমারি এবং দলদলিতে বহুদিন ধরেই বন্ধ রয়েছে গ্রামীণ গ্রন্থাগার । কর্মী নিয়োগ করে দ্রুত পরিসেবা চালুর দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা । তাঁদের অনেকেই অভিযোগ করে বলেন, সরকারিভাবে ঘটা করে প্রতিবছর সাধারণের গ্রন্থাগার দিবস এবং বইমেলার আয়োজন করা হলেও বন্ধ লাইব্রেরী গুলি খোলার ব্যাপারে কোনরকম উদ্যোগ নেই প্রশাসনের কর্তাদের । আরও অভিযোগ, দেখভালের অভাবে নষ্ট হচ্ছে দামি দামি বইপত্র, আসবাব, গ্রন্থাগার ভবন ৷ পাশাপাশি পরিসেবা পাচ্ছেন না গ্রামের বইপ্রেমী মানুষেরা । বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারের স্কুল কলেজ পড়ুয়ারা বিভিন্ন রেফারেন্স বুক পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে । এব্যাপারে আলিপুরদুয়ার জেলা গ্রাম উন্নয়ন বিভাগের প্রোজেক্ট ডাইরেক্টর তথা অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রজিৎ তালুকদার জানান, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে গ্রন্থাগার গুলো ফের চালু করার পরিকল্পনা রয়েছে । বিষয়টি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীমহদয়ের নজরে আনা হয়েছে । নির্দেশ পেলেই সরকারি নিয়ম মেনে যাবতীয় প্রক্রিয়া শুরু করা হবে ।

Leave a Reply

error: Content is protected !!