নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২ ডিসেম্বর’১৯:-

হাসপাতালের ওপিডি তে ডাক্তার নেই। বিক্ষোভে সামিল হলেন রোগী ও রোগীর আত্মীয়রা। সেই বিক্ষোভের জেরে বিপুল যানজটে আটকা পড়ে হয়রান হলেন সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বাগডোগরা হাসপাতালে। সূত্রের খবর, প্রায় দেড় ঘণ্টা বসে থাকার পরেও হাসপাতালের ওপিডি তে ডাক্তার না থাকায় বিক্ষোভ দেখান হাসপাতালে ডাক্তার দেখাতে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা। সেইসব রোগী এবং রোগীর আত্মীয়দের বিক্ষোভে বাগডোগরার রাস্তাতে বিপুল যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, রোগীর আত্মীয়দের অভিযোগ এখানে মুর্মুষ রোগীদের নিয়ে এসেও বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। আজ সকালেও বহুক্ষণ বসে থাকার পরেও আসেনি কোনো ডাক্তার। তারই জেরে বিক্ষোভে ফেটে পড়ে হাসপাতালে আসা রোগীরা ও তাদের পরিজনরা। পরে তারা হাসপাতাল সুপারের ঘরে গিয়েও বিক্ষোভ দেখান বলে খবর। ঘটনায় হাসপাতালের সুপার, ডাক্তাররা রোগীদের প্রয়োজনীয় সহায়তা করবেন বলে আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।