নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি’২০২০:-

শিলিগুড়ির বিধানরোড চত্বরে প্রতিদিন সকালেই হাঁটতে বের হন স্থানীয় বাসিন্দারা । প্রাতঃভ্রমণ শেষে কারো হাতে হয়তো এক কাপ চা, কেউ বা সকালের খবরের কাগজ হাতে । এইভাবেই সাধারণত শান্তিপূর্ণ একটি দিনের শুরু । কিন্তু বিধানরোডে আজকের সকালটা বাকি অন্যান্য দিনের থেকে কাটলো একটু আলাদা রকম ভাবে ; একই সঙ্গে ভীষণ মজার আবার বিড়ম্বনারও বটে ! কে জানত আজ সকালে প্রাতঃভ্রমণের সঙ্গী হবে একটি দস্যু হনুমান !
আজ সাতসকালে বিধান রোডের প্রাতঃভ্রমনকারীদের কার্যত নাকাল করে ছাড়ল এক হনুমান । বেশ কিছুক্ষণ ধরে সকলের ওপর ভীষন উৎপাত চালায় সে । কেউ কেউ বিরক্ত হলেও আবার বেশ মজাও পেয়েছেন তার এই কাণ্ড কারখানায় । অনেকেই তাকে ভালোবেসে কলা খাওয়ালেন, কেউ আবার তেড়ে এলেন লাঠি নিয়ে ! নিজের খেল দেখানোর শেষে এই পাঁচিল ওই পাঁচিল টপকে অদৃশ্য হয়ে যান হনুমান বাবাজি ।