নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ২৪ফেব্রুয়ারি’২০২০ :-

কোচবিহার জেলা প্রশাসনের তৎপরতায় শেষমেষ পরীক্ষা দিতে সফল হল অসুস্থ দুজন পরীক্ষার্থী মফিজা আক্তার এবং রাখিবুল মিয়া । মফিজা পরীক্ষা দেন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে এবং রাখিবুল পরীক্ষা দেন কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে।
সোমবার অংক পরীক্ষার দিন সকালে পেটের ব্যথা নিয়ে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি হন মফিজা আক্তার। মাধ্যমিক পরীক্ষার্থী হওয়ার কারণে তড়িঘড়ি খবর দেওয়া হয় সেন্টারে। পরবর্তীতে তুফানগঞ্জ হাসপাতালে পরীক্ষা দেন মফিজা। সেন্টার ইনচার্জ দিলীপ কুমার রায় জানান, জেলার নির্দেশে পরীক্ষা যাতে ব্যাহত না হয় সেই জন্য আমরা হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করেছি।পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ার পর পরীক্ষায় বসে মফিজা। মফিজা কৃষ্ণপুর হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছে ভোগার কুঠি হাইস্কুলে। অসুস্থ বোধ করায় সকালবেলা বাড়ি থেকেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। স্কুলে খবর দেওয়া হয় তারপরই তৎপর হয়ে পড়ে শিক্ষকরা।
একই সাথে মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিল রাখিবুল মিয়া।সে অসুস্থ বোধ করায় তাকে তৎক্ষণাৎ কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থী জানান তাদের পরীক্ষা ভালো হয়েছে। তাদের জন্য সর্বক্ষণ একজন ডাক্তার রাখা হয়েছিল। বর্তমানে উভয় এর চিকিৎসা চলছে।