এখানে আইন হয়েছে তামাশা : বেনিয়ম হয়েছে নিয়ম : নিরন্তর ট্রাফিক আইন উলঙ্ঘন চলছে ফালাকাটায় |The4thcolumn

বাপ্পা ঘোষ , নিজস্ব প্রতিবেদক, ফালাকাটা, ২৩ডিসেম্বর’১৯ :-

‘আইন ! সে তো বড়লোকের তামাশা মাত্র’ — বিখ্যাত এই বঙ্কিমীয় কটাক্ষ আজকাল হাড়ে হাড়ে টের পাচ্ছেন ফালাকাটাবাসী । শহর বেড়েছে আড়েবহরে , ঝকঝকে হয়েছে রাস্তাঘাট , ছোঁয়া লেগেছে অনুপ্রেরনীয় উন্নয়নের , কিন্তু বদলায়নি মানুষের বদভ্যাস । অন্যদিকে , আইন ভাঙতে দেখেও নীরব প্রশাসন এবং নীরবতার কারণ অজ্ঞাত । ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জেব্রা ক্রসিং পার করে দাঁড়াচ্ছে গাড়ি , টোটো , মোটর বাইক । গোটা ফালাকাটা শহরেই । ফলত , আধুনিকতার মিশেল পড়ে থাকছে এক তামাশা হয়েই । সমস্যায় পড়ছেন পথ চলতি পথিকরা এবং বাধ্য হয়েই মেনে নিচ্ছেন এই সমস্যা ।

ফালাকাটা শহরের মেইন রোডে আধুনিক ট্রাফিক ব্যবস্থার বাস্তব প্রয়োগ হয়েছে বেশ কিছুদিন পূর্বে । ট্রাফিক আইন অনুযায়ী রেড সিগনাল এ দাঁড়ানোর জন্য নির্দিষ্ট রেখা টানা রয়েছে , পথ চারীদের চলাচলের সুবিধার্থে রয়েছে জেব্রা ক্রসিং । কিন্তু ট্রাফিক আইন অমান্য রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে ফালাকাটায় । বাইক , সাইকেল , টোটো, ছোট গাড়ি বেশিরভাগ সময় নির্দিষ্ট রেখা অতিক্রম করে এমনকি জেব্রা ক্রসিং অতিক্রম করেও দাড়িয়ে পড়ছে । যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ পথ চলতি মানুষকে । ফালাকাটার মিল রোড ট্রাফিক পয়েন্ট , নতুন চৌপথি , ধুপগুড়ি মোড় প্রতিটি ট্রাফিক সিগনালে একই ছবি রোজ ধরা পড়ছে ।

কি বলছে প্রশাসন ? এ ব্যাপারে ফালাকাটা ওসি ট্রাফিক মানিক কুমার পরিয়ার জানিয়েছেন, খুব শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তাঁর বক্তব্য অনুযায়ী ” বার বার অনুরোধ করা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না , এরপর আমরা জরিমানা ধার্য করবো । সাধারণ পথ চলতি মানুষের বক্তব্য অনুযায়ী তাঁদের জেব্রা ক্রসিং দিয়ে পার হতে রোজই অসুবিধার সম্মুখীন হতে হয়, তার ওপর রয়েছে দুর্ঘটনার আশঙ্কা । উমাচরণপুরের বাসিন্দা সুভাষ মন্ডল জানিয়েছেন , তাকে রোজই বিভিন্ন কাজে ফালাকাটায় আসতে হয় । প্রানের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় রোজ । তাঁর বিশ্বাস খুব শীঘ্রই প্রশাসন এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে ।

Leave a Reply

error: Content is protected !!