নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ অক্টোবর’১৯:-

কালীপুজোর জন্য সাজানো হচ্ছিল রাস্তা। লাগানো হচ্ছিল রংবেরং এর আলো। সেই আলোকসজ্জার তোরণ ভেঙে পড়লো রাস্তার ওপর। তবে হতাহতের কোনো খবর নেই বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জলপাইগুড়ির কদমতলা মোড় সংলগ্ন ডিবিসি রোডে। আসন্ন কালীপুজোর জন্যই রাস্তার ওপর তৈরি করা হয়েছিল তোরণটি, তাতে লাগানো হতো আলোকসজ্জা। কিন্তু শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টির সঙ্গে হাওয়া। প্রাথমিক ধারণা অনুযায়ী, হাওয়ার কারণেই ভেঙে পড়ে তোরণটি। ঘটনার সময় রাস্তা ফাঁকা থাকায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কথা বলেছেন পুজো কমিটির সদস্যদের সাথে। রাস্তা থেকে পরে সরিয়ে নেওয়া হয়েছে ভেঙে পড়া তোরণটিকে। তবে ঠিক কি কারণে তোরণটি ভেঙে পড়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।