নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি’২০২০ :-

ছবি – কনস্টেবল গঙ্গা বারা
জন্মু ও কাশ্মীরে ধ্বসের ফলে মারা গেলেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের এক ভারতীয় সেনা জওয়ান। ঘটনার ফলে শশ্মানের স্তব্ধতা মাদারিহাটে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের গঙ্গা বারা (২৯) নামের ওই ভারতীয় সেনা জওয়ান শ্রীনগরের নওগাঁ এ সীমা সুরক্ষা বলের ৭৭ নং ব্যাটেলিয়নে কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন।
সূত্রের খবর, সোমবার রাত ৮টা নাগাদ গঙ্গা বারা সহ ৩জন ভারতীয় সেনা নিয়মিত টহল দেওয়ার সময় তাদের ওপর বড়ো এক বরফের স্তূপ এসে পড়ে। সাথে সাথে স্থানীয় লোকজন ও সেনার সহকর্মীরা তাদের উদ্ধার করতে আসে। কিন্তু বাকি ২ জনকে উদ্ধার করা গেলেও গঙ্গা বারা নামের সেনা জওয়ানকে উদ্ধার করা যায়নি। প্রচন্ড চেষ্টার পর ২ ঘন্টা পরে তাকে বের করতে সক্ষম হন সেনাকর্মীরা। কিন্তু ততক্ষণে তিনি প্রান হারান।
মঙ্গলবার গঙ্গা বারার দাদা বিশ্বজিৎ বারা আলিপুরদুয়ার পুলিশ স্টেশনে ঘটনাটি জানান এবং ঘটনার রিপোর্ট লেখান।
প্রসঙ্গত, জন্মু কাশ্মীরের মাচিলে ধ্বসের ফলে ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন ও ১ জন সেনা নিখোঁজ।সোমবার জন্মু কাশ্মীরের কুপবারা জেলার মাচিল সেক্টরে সেনা শিবিরে ধ্বসের কারনে ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন ও ১ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
একজন আহত সেনা নিকটবর্তী হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার দুপুর ১টা নাগাদ ওই এলাকায় আচমকা ধ্বস নামে ।
অন্যদিকে, গ্যান্ডারবাল জেলার সোনবর্গ এলাকায় একই দিনে ধ্বসের কারনে ৫ জন লোক মারা যায়। উদ্ধারকারী দল জানায়, সারারাত উদ্ধারকাজ চালিয়ে ধ্বসের কবলে পড়া ৯ জনের মধ্যে ৪ জনকে বাঁচানো সম্ভব হয়েছে।
গত ৪৮ ঘন্টা থেকে প্রবল তুষারপাতের কারনে উত্তর কাশ্মীরের বহু জায়গায় ধ্বস নেমেছে।
এছাড়াও, সোমবার কাশ্মীরের বারামুল্লা জেলায় দু’জন কমবয়সী মেয়ে বরফের স্তূপের নীচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকেরা তাদের উদ্ধার করে।
