নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ আগস্ট’১৯:-

পথ দুর্ঘটনায় আহত পাঁচজন কলেজ পড়ুয়া। তারা সকলেই ময়নাগুড়ি কলেজে পড়ে। মঙ্গলবার টোটোতে করে কলেজে যাবার সময় ময়নাগুড়ির দোমহানি মোড় এলাকায় অ্যাম্বুলেন্স ও টোটোর সংঘর্ষে আহত হয়েছেন তারা। সূত্রের খবর, দুপুর দুটো নাগাদ, টোটোতে চেপে তিন ছাত্রী ও দুই ছাত্র কলেজের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স টোটোটিকে ধাক্কা মারে।
স্থানীয় সূত্রের খবর, আহত পাঁচজন পড়ুয়াদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার নাম অঙ্কিতা বারুই। ছাত্রীটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসা চলছে। বাকি আহত, রিয়া বাওয়ালি, চুমকি রায়, যুধিষ্ঠির রায় ও সৌভিক মজুমদার এর চিকিৎসা চলছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে।
সূত্রের খবর, দুর্ঘটনার সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন, এবিভিপির ময়নাগুড়ি ব্লক সম্পাদক অলোক রায় ও দলের কলেজ ইউনিট সহ-সভাপতি চন্দ্র সিংহ। স্থানীয়দের সাহায্য নিয়ে, আহত কলেজ পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান তারাই এবং পড়ুয়াদের পরিবারদেরও খবর দেন তারাই। জানা গিয়েছে, এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়নি। ময়নাগুড়ি থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।