নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১অক্টোবর’১৯:-

ফের লক আউটের খাঁড়া ডুয়ার্সের এক চা বাগানে । বিনা নোটিশে চা বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় বিপত্তির মুখে চা শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জয়গাঁ থানার অন্তর্গত তোর্ষা চা বাগানে। সূত্রের খবর, সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকদের নজরে আসে ফ্যাক্টরির গেট বন্ধ।ক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা। ফ্যাক্টরির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জানা যায়, এবার পুজোর বোনাস দেয়নি কর্তৃপক্ষ। বোনাস নিয়ে আগামী ২৪ অক্টোবর শিলিগুড়িতে জয়েন্ট লেবার কমিশনের অফিসে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিনা নোটিশে রবিবার রাতে বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ। এইভাবে ,একের পর এক চা বাগান বন্ধের কারণে দিশেহারা হয়ে পড়ছে ডুয়ার্সের চা শ্রমিকরা।