আসরে নামল যুবশক্তি : ‘দিদিকে বলো’ সফল করে মানুষের আস্থা অর্জনে আশাবাদী তৃণমূল

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৬ সেপ্টেম্বর’১৯ :-

‘দিদিকে বলো’ কর্মসূচীকে হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনে ময়দান দখল করতে মরিয়া তৃণমূল এবার আসরে নামলো তাদের যুব শক্তি নিয়ে । গোটা রাজ্যের সঙ্গে পা মিলিয়ে , এদিন উত্তরের প্রতিটি জেলাতেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশিত পথে হেঁটে ‘ডোর টু ডোর’ জন সংযোগ করতে নেমেছে যুব তৃণমূল । বুথ থেকে ব্লকে , ব্লক থেকে পুর এলাকা প্রতিটি ক্ষেত্রেই ‘পিকে’র দেখানো মাস্টারপ্ল্যান হাতে নিয়ে মানুষের দরবারে পৌঁছতে চাইছে তৃণমূল । শুক্রবার উত্তরের জেলায় জেলায় সাংবাদিক সম্মেলন করে শনিবার থেকেই রাজ্য শীর্ষ নেতৃত্বের পাঠানো ‘তালিকা’ হাতে নিয়ে ময়দানে নামা হবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল যুব সভাপতি-নেতারা । দলের নির্দেশিত ‘তালিকা’ ধরে ধরে একদিকে যেমন ব্যক্তি বিশেষের আঙিনায় পৌঁছে যাওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে , অন্যদিকে মানুষের মাঝে গিয়ে তাদের সঙ্গে মিশে মায় রাত্রিযাপন করে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা আপাতত প্রথম কর্তব্য বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল জেলা যুব নেতৃত্ব ।

শুক্রবার, দিনহাটা শহরের এক নম্বর ওয়ার্ডে দিদিকে বলো কর্মসূচীর সূচনা করেন তৃণমূল যুব নেতা সাবির সাহা চৌধুরী। শুক্রবার তিনি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের নানা সমস্যার কথা শোনেন। কোথাও কোথাও তিনি বাসিন্দাদের হাতে ফোন নাম্বার লেখা কার্ড তুলে দেন। যুব তৃণমূল নেতা সাবির সাহা চৌধুরী এদিন দিদিকে বলো কর্মসূচীর সূচনা লগ্নে সেখানে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেস নেতা বিশু ধর, তৃনমূল মহিলা কংগ্রেসের মৌমিতা ভট্টাচার্য, বেনু মজুমদার প্রমূখ। তৃণমূল যুব নেতা সাবির সাহা চৌধুরী বলেন সারা রাজ্যের পাশাপাশি দিনহাটা শহর ব্লকেও এদিন দিদিকে বলো কর্মসূচির সূচনা হল।বাড়ি বাড়ি গিয়ে প্রচার এর পাশাপাশি তাদের নানা সুযোগ সুবিধা অসুবিধার কথা জানবেন। এছাড়া এদিন প্রচারের পাশাপাশি রাতে দলীয় এক কর্মীর বাড়িতে রাত্রি যাপন ছাড়াও শনিবার এলাকার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।
অন্যদিকে দিদিকে বলো কর্মসূচিকে সফল করে তুলতে তৃণমূলের যুব সংগঠনের পক্ষ থেকে শুক্রবার দিনহাটার সুভাষ ভবনে সাংবাদিক বৈঠক করেন দেবাশীষ বর্মন। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা বিশু ধর সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকে বিশু ধর বলেন দিদিকে বলো কর্মসূচিকে সফল করে তুলতে দলের রাজ্য নেতৃত্ব এর পক্ষ থেকে যুবদের কেউ বিভিন্ন ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশে যুব সংগঠনের দিনহাটা ১ ব্লকের অন্যতম নেতা দেবাশীষ বর্মন এদিন ব্লকের পুটিমারী 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন। পাশাপাশি তিনি এলাকার বাসিন্দাদের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনবেন । কোথাও কোথাও দিদিকে বলো কর্মসূচির অঙ্গ হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তাদের কোন সমস্যার কথা জানানোর জন্য ফোন নাম্বার সহ কার্ড তুলে দেন।শনিবার এলাকার দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করা হবে বলে তিনি জানান। দিদিকে বল কর্মসূচিকে সফল করে তুলতে যুব সংগঠনের নেতৃত্ব দেরকে দলের রাজ্য নেতৃত্ব বিশেষভাবে দায়িত্ব দেওয়ায় এই কর্মসূচিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও রাজনৈতিক মহল মনে করছে ।

অপরদিকে , শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে এই কর্মসূচির সফল রূপায়ণে তারা সম্পুর্ন শক্তি নিয়েই ঝাঁপিয়ে পড়েছেন বলে জানিয়ে দিয়েছেন আলিপুরদুয়ার জেলা যুব সভাপতি সমর ভট্টাচার্য । দলের সুপ্রীম নেতৃত্বের পাঠানো ‘বিশেষ তালিকা’ হাতে নিয়ে তার বক্তব্য , শনিবার থেকেই এই তালিকা ধরে ধরে প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের হাল হকিকত খোঁজ নেওয়া চলবে । “দিদিকে বলো” প্রকল্পের ফায়দা যাতে পুরো পুরি সাধারণ মানুষ গ্রহণ করতে পারে ,সে বিষয়ে চলবে সচেতনতা অভিযান । রাতেও এম জনতার বাড়িতেই চলবে রাত্রি যাপন , জেলা যুব তৃণমূলকে পাশে নিয়েই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সমর বাবু ।

লোকসভা ভোটে বিজেপি জুজু দেখেছে তৃণমূল । রাজ্যের প্রধান বিরোধী শক্তি যে এখন বিজেপি ,সেটা কান পাতলেই শোনা যায় । খোদ আলিপুরদুয়ার পুরসভা এলাকাতেই মাত্র দুটি ওয়ার্ড বুথ বাদ দিয়ে ,প্রত্যেক বুথে এগিয়ে লোকসভা ভোটে রীতিমত চমকে দিয়েছে বিজেপি । আসন্ন একুশের বিধানসভা ভোটে মানুষ কে পাশে পেতে কার্যত মরিয়া হয়ে উঠেছে মমতা ব্যানার্জির দল । “দিদিকে বলো” প্রকল্পকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়াতে যুবশক্তি যে অন্যতম ভরসা , সেটাও তৃণমূলের বোধগম্য । এখন প্রশ্ন একটাই , মা-মাটি-মানুষের দলের পাশে সাধারণ মানুষ কতটা ভরসা নিয়ে আগামীতে দাঁড়ায় ! যদিও তার উত্তর দেবে একমাত্র সময় ।

Leave a Reply

error: Content is protected !!