উপনির্বাচনের প্রাক্কালে ফালাকাটায় তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ : পদযাত্রায় সামিল প্রায় ৩৫,০০০ মানুষ | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ফেব্রুয়ারি’২০২০ :-

রাজ্য বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ ফালাকাটায় একটি পদযাত্রার ডাক দিয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের সমর্থনে তৃণমূলের পতাকা হাতে এই যাত্রায় পা মিলিয়েছেন প্রায় ৩৫,০০০-৪০,০০০ মানুষ । এই যাত্রায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের ৫ টি বিধানসভার সকল ব্লক নেতা, আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী ও সহ-সভাপতি মোহন শর্মা সহ প্রমুখ ।

সভায় রাজীব বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন উপনির্বাচনের পরে ৬ মাসের মধ্যে ফালাকাটাকে পুরসভায় রুপান্তরিত করা হবে ও এই এলাকাকে পূর্ণাঙ্গ মহকুমায় রুপান্তরিত করার কাজ শুরু হবে । আলিপুরদুয়ার জেলার একটি মডেল টাউন হিসেবে ফালাকাটাকে গড়ে তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাও বলেন বনমন্ত্রী ।

প্রয়াত বিধায়ক অনিল অধিকারীর শূন্যস্থান পূরণ করতে আয়োজিত ফালাকাটা উপনির্বাচন । এই নির্বাচন ঘিরে যুযুধান দুই পক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে চলছে ক্ষমতা দখলের লড়াই ।

কিছুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ফালাকাটায় অভিনন্দন যাত্রা করেছিল বিজেপি । সেই যাত্রায় হাজার হাজার মানুষ সামিল হয়েছিলেন । আজ তার পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস ।

গোটা আলিপুরদুয়ার জেলা থেকে প্রায় হাজার খানেক গাড়ি নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা এই যাত্রায় যোগ দেন । ফলত জেলাবাসীর যাতায়াতে কিছুটা বিভ্রাট সৃষ্টি হয় ।

জনসমাবেশে দুই পক্ষ সমানে সমানে টক্কর এর পর এখন দেখার উপনির্বাচনে শেষ বাজিমাৎ কারা করে ।

Leave a Reply

error: Content is protected !!