শরৎ যাপনে ছুঁয়ে যায় কাশফুল : মহালয়া দেবীবন্দনা : ক্যামেরা চলছে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ সেপ্টেম্বর’১৯:-

বাঙালীর শরৎ যাপনে ছুঁয়ে আছে কাশফুল, শিউলির গন্ধ বয়ে আনছে আগমনী বার্তা। কুমোরটুলিতে সেজে উঠছে মা দুর্গা। মহালয়া আসন্ন। দুর্গাপুজোর আগে মহালয়ার ভোরে টিভির পর্দায় মহিষাসুর বধের কাহিনী ছোটো বড়ো সবাই দেখতে ভালোবাসে। এইসময় শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কলকাতার শিল্পীদের মতো এবার মহিষাসুর বধের কাহিনী ফুটিয়ে তুলছেন রাজ্যের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের বিভিন্ন শিল্পীরা। স্থানীয় শিল্পীদের দ্বারা জোরকদমে চলছে শ্যুটিং। আলিপুরদুয়ার শহরে মহালয়ার তথ্যচিত্র তৈরী করছেন স্থানীয় শিল্পীদের নিয়ে একটি বেসরকারি সংস্থা ‘সেনসেশন শ্রী’র উদ্যোগে। এবারে তাদের নিবেদন ‘আনন্দিনী উমা’ অনুষ্ঠানে অভিনয় করছে দুর্গা রূপে শিল্পী শ্রেয়া কর, মহিষাসুর রূপে ড: অংশুমান সেন শর্মা ও দেবী আদ্যাশক্তি রূপে শিল্পী শর্মিষ্ঠা চক্রবর্তী। দেবী চন্ডীকার সমগ্র পরিচালনার দায়িত্বে অভিষেক দে সরকার। এবারে এদের পঞ্চদশ(১৫)তম নিবেদন এই দেবী বন্দনা। গত দুমাস ধরে ইন্ডোর এবং আউটডোর শুট চলছে। উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যকে পাথেয় করে বিভিন্ন জায়গায় চলছে আউটডোর শুট। মহালয়ার দিন সকালে জেলা শহর অলিপুরদুয়ারের সবকটি ক্যাবল নেটওয়ার্ক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে এই অনুষ্ঠান বলে দাবি করেছেন উদ্যোক্তারাই।

Leave a Reply

error: Content is protected !!