নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ সেপ্টেম্বর’১৯:-

পকেটে নিয়েছে প্রেস কার্ড। পাচার করছিলো তক্ষক। সাংবাদিক সেজেই পাচার করতে গেছিলো তক্ষক। কিন্তু শেষরক্ষা হলো না। তক্ষক পাচার করতে গিয়ে বনদপ্তরের টাস্ক ফোর্সের হাতে ধরা পড়লো ২ পাচারকারী। ধৃতরা হলো অতুল সরকার (৩২) ও জীবন বর্মন (২৩) এরা দুজনেই ফালাকাটার বাসিন্দা।
গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৫ জনের একটি দল তক্ষক নিয়ে পাচারের উদ্যেশ্যে ফালাকাটা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। গোপন খবরে শুক্রবার ভোর রাতে অভিযানে নামে সঞ্জয় দত্তর নেতৃত্বে টিম টাস্কফোর্স। রাজগঞ্জের ফাটাপুকুর এলাকায় ৩১ নং জাতীয় সড়কে অভিযান চালিয়ে ২ পাচারকারীকে একটি তক্ষকসহ আটক করা হয়েছে।

রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, সোর্স এর দেওয়া ইনফরমেশন পাওয়ার পর আমরা ফাটাপুকুর এলাকায় ৩১ নং জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি গাড়িকে আটকাই। গাড়ি সার্চ করতেই একটি স্কুল ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় একটি জ্যান্ত তক্ষক। পাচারকারীরা স্বীকার করে তারা সম্প্রতি আলিপুরদুয়ার জেলার এক জঙ্গল থেকে এই তক্ষক ধরে পাচার করে মোটা টাকা পাবার উদ্যেশ্য নিয়ে শিলিগুড়ি যাচ্ছিলো। অভিযানের সময় বাকিরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। তাদের তল্লাশি চলছে।
ধৃত অতুল সরকার জানায়, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই প্রথম তক্ষক পাচার করতে গিয়েছিল। এর আগে সে গাজা পাচার করেছে। তাকে ধূপগুড়ির পরান মল্লিক নামে এক ব্যক্তি এই প্রেসকার্ড বানিয়ে দিয়েছিল।