নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম,কোচবিহার,৩০জানুয়ারি’২০২০ :-

পথ কুকুরের গলায় রেডিয়াম বেল্ট/কলার পরিয়ে দিল চার বন্ধু । রাতের আঁধারে যাতে দ্রুত ধাবমান যানবাহনের আরোহীরা দূর থেকে এজ রেডিয়ামের প্রতিফলিত আলো দেখে সাবধান হয়ে যেতে পারে , তার উদ্দেশ্যেই এই অভিনব উদ্যোগ চার বন্ধুর । এবং তাদের এই কান্ডকারখানাকে সাধুবাদ জানাতে কসুর করছে না পশুপ্রেমী মহল থেকে আমজনতা ।
কোচবিহার এবং পার্শ্ববর্তী অঞ্চলে মাঝে মধ্যেই দেখা যায় পথ কুকুর দের মৃতদেহ রাস্তায় পড়ে আছে অথবা পথকুকুরদের বাঁচাতে গিয়ে এক্সিডেন্টের শিকার হচ্ছে বাইক আরোহীরা। বিষয়টি কোচবিহারের চারবন্ধু দীপ্তেন্দু দে, সুগত দত্ত, প্রসেনজিৎ কুন্ডু সাগ্নিক চক্রবর্ত্তীর মনে রেখাপাত করে। তাই তারা পরিকল্পনা করে পথকুকুর দের গলায় রেডিয়াম কলার পড়ানোর, যাতে রাতের বেলায় অন্ধকারে দূর থেকে পথকুকুরেরা দৃশ্যমান হয়, তাহলে পথকুকুর এবং দ্বিচক্রযান আরোহী উভয়ের প্রাণ রক্ষা পাবে। এই পরিকল্পনা মত তারা আজ অর্থাৎ ৩০শে জানুয়ারি কোচবিহার শহর এবং সংলগ্ন অমরতলা, শিবযজ্ঞ চৌপথি, বয়েজ ক্লাব, নতুন বাজার, রাণীবাগান সংলগ্ন অঞ্চলের ৫০টি পথ কুকুরের গলায় রেডিয়াম বেল্ট পড়ায়। উদ্যোক্তাদের তরফে দীপ্তেন্দু দে বলেন, আমরা জানি জীবে প্রেম করে যেজন, সে সেবিছে ইশ্বর, কিন্তু সাম্প্রতিক অতীতে একের পর এক পথকুকুর এবং পথচারীদের এক্সিডেন্ট আমাদের মর্মাহত করেছিল, তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। বর্তমানে ৫০জনের গলায় রেডিয়াম বেল্ট পরানো সম্ভবপর হয়েছে, ভবিষ্যতে আরো বৃহতকারে উদ্যোগ নেওয়ার চেষ্টা আমরা করব। যদি সমস্ত অঞ্চলের মানুষ এরকম উদ্যোগ নেয় তবে হয়ত এক্সিডেন্টের পরিমান কিছুটা কমবে। সহায়তায় এগিয়ে আসা বিশ্বদীপ চক্রবর্ত্তী, ভাস্কর মহালানবিশ ও মানবকেও দীপ্তেন্দু ধন্যবাদ জানিয়েছেন।