জওয়ানের হাতে পড়ুয়া কিশোরের মৃত্যু : সুবিচার চেয়ে মোমবাতি হাতে পথে বনবস্তিবাসী

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ সেপ্টেম্বর’১৯:-

ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে । নয় বছর পূর্বে এক আদিবাসী মহিলা ধর্ষণের পর খুন এবং দু দিন আগে নবম শ্রেণীর এক পড়ুয়া হত্যা , অভিযোগের তির সশস্ত্র সীমা বলের জওয়ানদের দিকে । পূর্বের ঘটনার কোনো কিনারা হয় নি । কিন্তু বছর পনেরর কুশলের মৃত্যু ঝুঁটি ধরে নাড়িয়ে দিয়েছে ডুয়ার্সের কুমারগ্রাম বন বস্তি বাসীদের । রাস্তায় নেমেছেন বন বাসীরা । সুবিচার চেয়ে । বন বাসীদের অভিযোগ, থানায় এজাহার করার দুদিন পরেও গ্রেপ্তার হয়নি কোনো এসএসবি জওয়ান। ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করে বাগানবস্তির বাসিন্দারা। শনিবার থানায় অভিযোগ জানিয়েছিল মৃত কিশোরের বন্ধু। সঙ্গে অন ক্যামেরা সুবিচারের আর্তি রেখেছিলেন মৃত কিশোরের মা অরুণা লামা । এবার একযোগে শাস্তির দাবী জানিয়েছে মিছিল করলো বনবস্তির লোকেরা।

প্রসঙ্গত, শনিবার আলিপুরদুয়ার জেলার কুমার গ্রাম ব্লকের সীমান্তের কালি খোলা এলাকায় বক্সা সংলগ্ন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সংকোশ নদীতে স্নান করতে নেমে এস এস বি জওয়ানের ছোঁড়া পাথরের আঘাতে মৃত্যু হয় কুশল লামা নামে নবম শ্রেণীতে পাঠরত কিশোরের। পুলিশে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জমেছে বনবস্তির লোকেদের অন্দরে।

অন্যদিকে , রবিবার এই ঘটনা শুনেই সংশ্লিষ্ট বনবস্তিতে ছুটে যান মানবাধিকার সংগঠন এপিডিআর ‘এর সদস্যরা । ক্ষুব্ধ বনবস্তিবাসীদের বক্তব্য শোনার পর তারা এসএসবি কমান্ডেন্ট এর সঙ্গেও এই ঘটনা নিয়ে কথা বলেন । এপিডিআর আলিপুরদুয়ার শাখার সম্পাদক সুমন গোস্বামী জানান, এর আগেও 2010 সালে এক মহিলা ধর্ষণের পর খুন হয়েছিলেন এবং অভিযোগের আঙ্গুল ছিল এস এস বি’র দিকেই । এই অভিযোগ বন বস্তি বাসীদের ,জানিয়েছেন সুমনবাবু । এবারও কাঠগড়ায় এসএসবি । সংগঠনের পক্ষ থেকে মৃত কিশোর পড়ুয়ার পরিবারের পাশে তারা আছেন বলেও জানিয়েছে এপিডিআর । পাশাপাশি , ঘটনার পর ছত্রিশ ঘন্টা পার হয়ে গেলেও অদ্যাবধি কেউ গ্রেপ্তার হয় নি বলে জানা গেছে ।

Leave a Reply

error: Content is protected !!