জারুল রাভা , দ্য ফোর্থ কলাম , ৬ ডিসেম্বর ‘১৯ :-

নয়া পথে মোড় নিল আলিপুরদুয়ারের ডাম্পিং গ্রাউন্ড তথা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প । প্রকল্প বাঁচাতে ,মাঠে নামল শাসক দল তৃণমূল । যে মাঝেরদাব্রি চা বাগান সংলগ্ন এলাকায় গত তিনদিন আগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর নির্দিষ্ট বাউন্ডারি ওয়াল তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রবল বাধার মুখে পড়ে পুলিশ-প্রশাসন , কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মাঝেরদাব্রি চা বাগান এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ ,সেই মাঝেরদাব্রি চা বাগান এলাকায় এবার নিজ দায়িত্বে আমজনতাকে এই প্রকল্পের কার্যকারণ ব্যাখ্যা বোঝাতে তৎপর হলো শাসক দল । শুধু তাই নয় চা বাগানে নির্মীয়মান সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে রক্ষা করতে এবার পাহারার ব্যবস্থা করেছে তৃণমূল । প্রয়োজনে প্রতিদিন দু’শ জন করে তৃণমূল কর্মী এলাকায় নজরদারি করবে বলেই জানা গেছে । এমনকি তৃণমূল নেতারা এবার কালকূট বনবস্তি গ্রামে গিয়ে স্থানীয় মানুষকে এই প্রকল্পের ভালো-মন্দ বোঝাবেন এবং এই প্রকল্প ভেস্তে দেওয়ার জন্য পেছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগে বিজেপিকে নিশানা করে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে যে ভুল মিথ্যা প্রচার করা চলছে তার পাল্টা প্রচারে মানুষকে সচেতন করতে চলেছে তৃণমূল । শুক্রবার এভাবেই নজিরবিহীন দৃষ্টান্তে মাঝেরদাব্রি চা-বাগানের ভেতরেই গন কনভেনশনের ব্যবস্থা করেছিল তৃণমূল । সেখানে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর তথা তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি মোহন শর্মা । তিনি বলেন ,বুধবার আচমকাই যে ঘটনাটি ঘটেছে তার পেছনে ছিল গুন্ডা ট্যাক্স । কিছু দুষ্কৃতী- সমাজবিরোধী বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কাছে তোলা চেয়েছিল । তা দিতে অস্বীকার করেছিল ঠিকাদার সংস্থা । এরপর পরিকল্পিতভাবেই ক্যাম্পে হামলা চলে । মূল কথায় এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলাতে সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প বর্তমান সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প । তা কোন পরিস্থিতিতেই প্রকল্পটি বন্ধ হতে দেব না আমরা , স্পষ্ট জানিয়েছেন মোহনবাবু । কনভেনশনে উপস্থিতি ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী । তিনি বলেন, আগামীতে কেউ যদি প্রকল্পের কাজে বাধা দেয়, তাহলে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নেবে, আমরা প্রশাসনকে জানিয়েছি ।
অপরদিকে , সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের বিরুদ্ধে চক্রান্ত চলছে এই অভিযোগ তুলে , শুক্রবার সকালে আলিপুরদুয়ার শহরে এক অরাজনৈতিক মিছিলে হাঁটতে দেখা যায় শহর আলিপুরদুয়ার এর সচেতন চিকিৎসক-উকিল- শিক্ষক-ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে । কার্যত এই অরাজনৈতিক ধিক্কার মিছিলে আলিপুরদুয়ারের প্রায় সমস্ত বিশিষ্টজনরা পা মেলান। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে, যাদের অঙ্গুলিহেলনে এই প্রকল্প বাধাপ্রাপ্ত হচ্ছে সে সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আওয়াজ তোলে শহর আলিপুরদুয়ার এই অরাজনৈতিক মিছিল ।
