নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি’২০২০ :-

দুদিন পরেই মেয়ের বিয়ে । জীবনের সর্বস্ব সঞ্চয় রাখা ছিল মেয়ের জন্যই । ভালো সৎবংশে পালটি ঘর দেখে নিজের ভবিষ্যৎকথা আর দুবার ভাবেননি আলিপুরদুয়ারের অদূরে উত্তরপাড়ার বাসিন্দা দীননাথ দাস । কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এর যুগে, নাগরিক কোলাহল থেকে সামান্য একটু দূরে বসবাস করা দিন আনি দিন খাই পরিবারটি যে এমনতর বিপর্যয়ের মুখোমুখি হবে, ভাবেন নি কেউ । মানুষ যখন চাঁদে বসবাসের ভাবনা প্রায় বাস্তবায়িত করার মুখে, সেসময়, শুনতে আশ্চর্য মনে হলেও সিঁদ পড়ল দীননাথবাবুর টিনের ছাদওয়ালা মাটির ঘরে এবং বলাই বাহুল্য খোঁয়া গেল মেয়ের বিয়ের জন্য রাখা তার সর্বস্ব । মাটির বাড়িতে সিঁদ কেটে চুরি গেল তার মেয়ের বিয়ের সমস্ত আশা ভরসা । এবং অতি আধুনিক যুগে এই সিঁদ কাটার ঘটনা এখন ফিরছে লোকের মুখে মুখে ।
সূত্রের খবর , গতকাল ভোরে এই সিঁদ কাটার ঘটনা ঘটে । ঘরে তখন সকলেই ছিলেন । নিঃশব্দে কাজ হাসিল করে গহনা ও টাকা নিয়ে চম্পট দেয় সিঁদ কাটা চোরের দল ।
শামুক তলা থানায় অভিযোগ জমা পড়েছে । এবং আপাতত সিঁদ কাটা চোরের দলের খোঁজে হন্যে হয়েছে পুলিশ । অন্যদিকে , স্তব্ধতা নেমেছে দীন নাথ বাবুর মাটির ঘরে ।