নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ডিসেম্বর’১৯:-

দু’পক্ষের ক্ষমতা দখলের লড়াইয়ের মাঝে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক নিরীহ মহিলার। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের ইসলামপুরের পাটাগোরার নয়াবস্তি এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে দীর্ঘদিনের শ্রমিক সরবরাহ নিয়ে অশান্তির কারণে, তৃণমূল বিধায়ত করিম চৌধুরি এবং জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালের অনুগামী জাকির হোসেনের লোকজনদের মধ্যে বিবাদ লাগে। সংঘর্ষের মাঝে নিরীহ এক মহিলা পড়ে গেলে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে ছটফট করতে করতেই মৃত্যু হয় তাঁর। আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি রয়েছেন দু’জনে। ইসলামপুর থানার পুলিশ আপাতত গোটা এলাকাকে ঘিরে ফেলেছে। মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
