নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ জানুয়ারি’২০২০ :-

নিজস্বী তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত এক কলেজ পড়ুয়া। রবিবার শিলিগুড়ি – আলিপুরদুয়ারমুখী রেল সেতুতে উঠে নিজস্বী তুলতে ব্যস্ত থাকায় শিলিগুড়ি – আলিপুরদুয়ারগামী ডেমু প্যাসেঞ্জার এর ধাক্কায় মারা যান রুমকি রায় (২১) নামে এক কলেজ পড়ুয়া এবং রেল সেতু থেকে নীচে ঝাপ দিয়ে আহত হন তার বান্ধবী জয়শ্রী রায়। দুজনই ময়নাগুড়ি কলেজের ছাত্রী বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, রবিবার প্রজাতন্ত্র দিবসের দিনে ময়নাগুড়ির একটি কোচিং সেন্টার থেকে একদল পড়ুয়া ওদলাবাড়ি লাগোয়া এক নদীর পাশে পিকনিক করতে আসে। পিকনিক চলাকালীন ওই দুই ছাত্রী হঠাৎ করেই রেল লাইনে উঠে পড়েন। সেই সময় শিলিগুড়ি – আলিপুরদুয়ারমুখী ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি এসে পড়ে। স্থানীয় সূত্রে খবর, দুজনই কানে হেডফোন দেওয়া ছিলেন ও নিজস্বী তুলতে ব্যস্ত ছিলেন বলে ট্রেনটি কেউই লক্ষ্য করেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে রুমকি রায়ের মৃত্যু হয়। রেল সেতু থেকে ঝাপ দেওয়ার ফলে আহত জয়শ্রী রায়কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ওই কোচিং সেন্টারের শিক্ষক চন্দন সরকারের বক্তব্য, “ওরা কখন রেল লাইনে উঠল লক্ষ্য করিনি”।