জীর্ণদশা ট্র্যাক্টরের : বেঘোরে প্রাণ গেল চা বাগান শ্রমিকের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০:-

সাতসকালে দুর্ঘটনা, প্রাণ হারালেন ট্র্যাক্টর চালক। বাগান থেকে ট্র্যাক্টর নিয়ে বের হবার সময় আচমকাই ট্র্যাক্টর ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ওই ট্র্যাক্টর চালকের। দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি চা বলয়ের সাঁতালি চা বাগানে। জানা গেছে, ওই বাগানের ট্র্যাক্টর চালক জটু মিঞ্জ(৪৫) সকালবেলা বাগান থেকে ট্র্যাক্টর নিয়ে বেরোনোর সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ট্র্যাক্টরটি। গুরুতর জখম অবস্থায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ট্র্যাক্টরের নীচে আটকে ছিলেন চালক। সেখান থেকে তাঁকে উদ্ধারের পরই মৃত্যু হয়েছে ওই চালকের। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রচন্ড ক্ষোভ ছড়ায় বাগান শ্রমিকদের মধ্যে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ দিনের ওই জীর্ণ ট্র্যাক্টর দিয়েই চাবাগান কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছিলেন। বারবার বলা সত্ত্বেও ওই মান্ধাতা আমলের ট্র্যাক্টর গুলির রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল না। ঘটনায় ওই চালকের মৃত্যুর পরে ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপযুক্ত ক্ষতিপূরনের দাবিতে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে জয়গাঁ থানার হাসিমারা ফাঁড়ির পুলিশ। থমথমে হয়ে রয়েছে গোটা বাগান এলাকা।

Leave a Reply

error: Content is protected !!