নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ ফেব্রুয়ারি’২০২০ :-

নিজস্ব আইডেন্টিটি ডকুমেন্টস (আইডি) ব্যবহার করে রেলের টিকিট তৈরী এবং অবৈধভাবে ওই টিকিট বিক্রির অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করল আলিপুরদুয়ার জংশনের রেল পুলিশ ।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রীতিমতো খদ্দের সেজে কুমারগ্রাম ব্লকের বারবিশায় তথ্য সন্ধান কেন্দ্রে হানা দেয় রেল পুলিশ ৷ নিজস্ব আইডি ব্যবহার করে কলকাতা যাতায়াতের টিকিট কেটে দেওয়ার পরই হাতেনাতে পাকড়াও করা হয় সুশান্ত পাল (নাম পরিবর্তিত) নামের বছর ছত্রিশের ওই ব্যবসায়ীকে । পরে বারবিশা পুলিশ আউটপোস্টের আধিকারিক এবং বারবিশা ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের উপস্থিতিতে অবৈধ উপায়ে রেলের টিকিট বিক্রির দায়ে গ্রেফতার করা হয় ধৃত ব্যক্তিকে । এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে ।
অভিযানে আসা আরপিএফ জওয়ান এবং আধিকারিকরা জানান, বিনা লাইসেন্সে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন । নিজস্ব আইডি ব্যবহার করে প্রতিদিন ৮ থেকে ১০টি টিকিট তৈরি করে বিক্রি করতেন তিনি । শুক্রবার অভিযান চলাকালীন টানা ২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং রেলের টিকিট তৈরীর কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, হার্ডডিস্ক, মোবাইল ফোন, প্রিন্টার প্রভৃতি বাজেয়াপ্ত করা হয় । রেল পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হবে । এব্যাপারে বারবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা জানান, অবৈধভাবে টিকিট তৈরী এবং বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে রেল পুলিশ গ্রেফতার করেছে । বাজেয়াপ্ত করেছে দোকানের জিনিসপত্র । সম্ভবত ধৃত ব্যবসায়ী সবকিছু না জেনেই কাজটা করছিল ।