নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭সেপ্টেম্বর’১৯:-

গ্যাস-সিলিন্ডার বোঝাই ভ্যান খাদে পড়ায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের কাছে রংটং এলাকায়। সূত্রের খবর,শুক্রবার সকালে একটি গ্যাস বোঝাই পিকআপ ভ্যান শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে যাওয়ার সময় রংটং এর কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পিকআপ ভ্যানের চালক আপ্রাণ চেষ্টা করলেও গাড়িটিকে নিয়ন্ত্রণে আনতে না পেরে চালক সহ গাড়িটি খাদে পড়ে যায়। ভিড় জমায়েত করেন স্থানীয়রা ঘটনাস্থলে। স্থানীয়রাই খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাড়িচালককে উদ্ধার করে তিনধারিয়া রেলওয়ে হাসপাতালে নিয়ে যায়। সূত্রের খবর গাড়ির চালকের অবস্থা বর্তমানে স্থিতিশীল। দুর্ঘটনার দরুন কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। ইতিমধ্যে গাড়িটিকে উদ্ধারের কাজ শুরু হয়েছে।

