নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ফেব্রুয়ারি’২০২০ :-

বুধবার সকাল দশটায় বীরপাড়া থেকে ফালাকাটাগামী রাস্তায় ঘটে গেল ভয়াবহ পথদুর্ঘটনা । দলগাঁও চা বাগানের কাছে একটি ডলোমাইট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাসের । দুর্ঘটনায় দুই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান । আহত হয়েছেন আরও ২৯ জন ।
ট্রাকটি বীরপাড়া থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল বলে জানা যায়, এবং বাসটি আসছিল তার ঠিক বিপরীত দিক থেকে । সেই সময়েই এই ভয়াবহ সংঘর্ষ ঘটে যায় দুটি হেভিওয়েট যানবাহনের মধ্যে ।
মৃত দের মধ্যে একজন বাসের চালক প্রবীণ শর্মা (বয়স ৩৬ বছর) ; অপরজন বাসের একজন যাত্রী নন্দলাল ছেত্রী (বয়স ৫৬ বছর) । প্রবীণের বাড়ি ফালাকাটা, এবং নন্দলাল জটেশ্বরের বাসিন্দা । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
আহতদের ১২ জনকে বীরপাড়া হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং ১৭ জনকে বাইরে রেফার করা হয়েছে ।
গাড়ি দুটি বর্তমানে থানায় পুলিশের হেফাজতে রয়েছে । বিস্তারিত তদন্ত চলছে ।