নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ ফেব্রুয়ারি’২০২০ :-

সদ্য গোঁফের রেখা উঠেছে কি ওঠেনি । বয়ঃসন্ধিকাল উঁকি মারছে প্রবলভাবে । কিন্তু যে বয়সে কিশোর মনের অলিগলিতে বাসা বাঁধে এক ভালোবাসার জগৎ এবং যার নিষিদ্ধ যাপন কৌতূহল কখনো কখনো পার করে যায় নিষেধের বেড়াজাল , যার প্রতিফলন প্রবল মাত্রাতেই অতিমাত্রায় রক্ষণশীল সমাজের তির্যক দৃষ্টির চোখে পড়ে কিছুটা স্থুল আকারে এই ‘ভ্যালেন্টাইন ডে’তে , সেই নিষেধ না মানা বয়সের কতিপয় কিশোর সামান্য চমকে দিয়েছে শুক্রবার । প্রেমের দিবস উড়িয়ে দিয়ে তাদের গোটা দিনের যাপনে এদিন স্থান করে নিয়েছে ‘পুলওয়ামা ‘ । স্থান করে নিয়েছে সেদিনের চুয়াল্লিশ জন তরতাজা সৈনিকের অসহায় মৃত্যু । প্রেমদিবসে তাদের শ্রদ্ধা-স্মরণে এসেছে সেদিনের নারকীয় ঘটনার বিস্মৃত স্মৃতি । ‘ব্ল্যাক ডে’ পালন করেছে একঝাঁক কিশোর । এবং শুধু নিজেরাই নয় , তাদের এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে একসুরে বেঁধেছে জঙ্গল ঘেরা এক অতিক্ষুদ্র জনপদের প্রায় সকলকেই । নাগরিক কোলাহল থেকে বহুদূর বাস করা বক্সা বাঘ বনের রাজাভাতখাওয়া শুক্রবার ভ্যালেন্টাইন ডে ভুলেছে ‘স্কুল গোয়িং’ খুদে’দের কার্যকলাপে ।
গত এক সপ্তাহ ধরেই প্ল্যান ছিল রাজাভাতখাওয়ার খুদে দের । ভ্যালেন্টাইন ডে নয় , উদযাপন করতে হবে ব্ল্যাক ডে । যে সৈনিকরা পুলওয়ামায় বোমা বিস্ফোরণে প্রয়াত হয়েছে , তাদের মৃত্যু’র প্রতি শ্রদ্ধা জানাতে হবে । এবং এই শ্রদ্ধা অনুষ্ঠান উদযাপন করতে হবে ছোটবড় সকলে মিলেই । ছোটদের এই ভাবনা প্রথমে দায়সারা ভাবে দেখলেও পরবর্তীতে তা কদর করেছেন বড়রা । রাজাভাতখাওয়ার ক্লাস নাইনের পড়ুয়া অগ্নি ভট্টাচার্য জানায়, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের ভুলি কিভাবে । আমরা বাজারের ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বলেছিলাম ,তারা একবেলা ব্যবসা বন্ধ রেখেছেন । সকলেই প্রয়াত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ।
এদিন , সকালে পদযাত্রা দিয়ে শুরু হয় । পুরোভাগে ছিল পড়ুয়ার দল ।বড়রাও পা মিলিয়েছেন । এরপর মোমবাতি প্রজ্জ্বলন , ‘বীরসেনা’দের ছবিতে মাল্যদান ,জাতীয় পতাকা উত্তোলন, সমস্ত অনুষঙ্গ এসেছে স্বাভাবিক ভাবেই ।
‘ব্ল্যাক ডে ‘ পালন নিয়ে গোটা দেশেই মত ও বিরুদ্ধ মত এসেছে দিনভর । সেদিনের ট্রাক ভর্তি বিস্ফোরক কোত্থেকে এলো কিংবা ভোটের আগে ইচ্ছাকৃত ঘটনা ইত্যাদি মন্তব্যে ঝড় চলেছে সোশ্যাল মিডিয়ায় । পুলওয়ামা কাণ্ডে কার লাভ হয়েছে প্রশ্ন ট্যুইটারে ছুড়ে বিতর্কে জড়িয়েছেন খোদ রাহুল গাঁধী । বহুমানুষই ভ্যালেন্টাইন ডে সাইড লাইনে রেখে পুলওয়ামার সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন । কেউ দলগতভাবে উচ্চস্বরে ,কেউ বা নিশ্চুপে । তবে যারা অসহায় সৈনিকদের নিয়ে ভেবেছেন , তারা অধিকাংশই জীবনের যাত্রাপথে পোড় খাওয়া । কিন্তু , রাজাভাতখাওয়ার এই কিশোরের দল , রাজনীতির কচকচি যাদের স্বপ্নালু হৃদয়কে এখনো কলুষিত করতে পারে নি , যারা ভ্যালেন্টাইন ডে ভুলে যায় মৃত সৈনিকদের কথা ভেবে , তাদের এই ভাবনাকে বিশেষজ্ঞরা যাই বলুক না কেন , রাজাভাতখাওয়ার অগ্নি-রাকেশ-সমর্পণদের কাছে এটাই দেশমাতৃকার পূজা । এটাই দেশপ্রেম !