রিমি ও পূজা : আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রীড়ায় শিরোনামে দুই আলিপুরদুয়ার-কন্যা |The4thcolumn

নিজস্ব প্রতিবেদক,আলিপুরদুয়ার, ২১ ডিসেম্বর’১৯:-

আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রীড়ায় জয় ছিনিয়ে এনে আলিপুরদুয়ারের মুখ উজ্জ্বল করল দুই কন্যা। জেলার এই দুই খুদে পড়ুয়ার সফলতা ঘিরে উচ্ছসিত জেলার প্রাথমিক শিক্ষা মহল। রাজ্য স্তরের ক্রীড়া থেকে মোট তিনটি পুরষ্কার ছিনিয়ে এনেছে আলিপুরদুয়ারের গর্ব এই দুই কন্যা। হাড়িভাঙ্গা বিষয়ে গোটা রাজ্যে প্রথম হয়েছে আলিপুরদুয়ার শহরের প্রমোদ নগর জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রিমি ভদ্র। গ্রুপ চ্যাম্পিয়নেও রাজ্যে সেরা হয়েছে আলিপুরদুয়ারের রিমি। অন্যদিকে লংজাম্প অর্থাৎ দীর্ঘ লম্ফনে গোটা রাজ্যে তৃতীয় পুরষ্কার ছিনিয়ে এনেছে ঝিজরি শালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী পুজা রাভা । পুজার এই সফলতায় রাভা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস শুরু হয়েছে। গোটা জেলা জুড়েই এখন এই দুই মেয়ের সফলতা মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। উচ্ছ্বসিত আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদও। সংসদের চেয়ারম্যান অনুপ চক্রবর্তী বলেন, “ নানান প্রতিকূলতার মধ্যে আমরা বাচ্চাদের বাসে করে কোলকাতায় নিয়ে এসেছি। সঙ্গে অভিভাবকরাও ছিলেন। এতো দীর্ঘ যাত্রার পর স্বাভাবিক ভাবেই সকলে কাহিল হয়ে পড়েছিল । তার পরেও এই সফলতা আমাদের গর্বিত করেছে। এই ঘটনায় প্রমাণ করে, আমাদের জেলাতে শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলা ধুলোতেও পিছিয়ে নেই। আমরা এই সফলতায় খুশি।”

প্রসঙ্গত, ২০ ও ২১ ডিসেম্বর কোলকাতার সাই ক্যাম্পাসে রাজ্য স্তরের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগীতায় আলিপুরদুয়ার জেলা থেকে সফল স্থানাধিকারী ২৬ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে। এই ক্রীড়ায় অংশ নেওয়ার জন্য কোলকাতায় খেলোয়ারদের নিয়ে যাওয়ার আগের মুহুর্তে একের পর এক কোলকাতাগামি ট্রেন বাতিল করে দেয় রেল কতৃপক্ষ। নাগরিকত্ব সংশোধনি আইনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় গড়ে ওঠা আন্দোলনের জেরে এই ট্রেন বাতিল করা হয়। এবং ‘ইলেভেন্থ আওয়ারে’ ট্রেনের বদলে বাসের ব্যবস্থা করে ,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি (দার্জিলিং) ও কোচবিহার এই চার জেলার সব খুদে খেলোয়াড়দের আলাদা আলাদা বাসে করে কোলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনুপ চক্রবর্তী। ১৮ ডিসেম্বর বাসে চেপে উত্তরবঙ্গের প্রান্তিক জেলা গুলো থেকে প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা কোলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ২৪ ঘন্টারও বেশি সময় বাসে ভ্রমনের পর অনেক খেলোয়ারেরই স্বাস্থ্যের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। তার পরেও আলিপুরদুয়ারের এই সফলতা সকলকে গর্বিত করেছে। দুই মেয়ের সফলতায় খুশি শিক্ষকরাও। আলিপুরদুয়ার জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা সভাপতি কৌশিক সরকার বলেন, “ চারিদিকে নাগরিকত্ব সংশোধনি আইন নিয়ে অশান্তি তৈরি হয়েছে। এই অবস্থায় অনেক খেলোয়ারের বাবা মায়েরা তাদের শিশুদের বাইরে পাঠাতে চাইছেন না। তার উপর ট্রেনের বদলে বাসে যাত্রা। চার জন অত্যন্ত মেধা সম্পন্ন খেলোয়ারকে আমরা কোলকাতায় নিয়ে যেতে পারি নি। আমরা এই সফলতায় উচ্ছ্বসিত। ভবিষ্যতে এই জেলা থেকে আমরা আরও ভালো খেলোয়াড় তৈরি করব।”

Leave a Reply

error: Content is protected !!