নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ জানুয়ারি’২০২০ :-

শীত পড়লেই যে দুটো শব্দ কানের পাশে ভোঁ ভোঁ করে সেই দুটি হলো পৌষ-পার্বণ । শীত মানেই পিঠে পুলি উৎসব। আগে তা ঘরের চৌকাঠের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা ঘরের গন্ডি পেরিয়ে সদর দরজা খুলে পাড়ি দিয়েছে বাইরে। দিকে দিকে তাই পিঠে পুলি উৎসবে আজ মেতেছে কত সংস্থা। বাদ গেল না আলিপুরদুয়ারও, ১৫ই জানুয়ারি পৌষ সংক্রান্তিতে আলিপুরদুয়ারের “শব্দ” নামক স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছে ‘পিঠে পুলি উৎসব ২০২০’। বর্ষ বরণ, বসন্ত বরণ, ইলিশ উৎসবের পর আলিপুরদুয়ারে প্রথমবার আয়োজিত হল পিঠে পুলি উৎসব। ১৫ই জানুয়ারি আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম স্কুলের বিপরীতে আয়োজিত পিঠে পুলি উৎসবে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী, ডিপিএসসি চেয়ারম্যান অনুপ চক্রবর্তী, ভূমি ও ভূমি রাজস্ব ও উদ্বাস্তু, ত্রান ও পুনর্বাসন দফতরের রাজ্য উপদেষ্টা কমিটির সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন, সিএমওএইচ পূরম শর্মা সহ অন্যান্যরা।
ডুয়ার্স উৎসবের মতোই বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী তাদের তৈরি বিভিন্ন রকমের পিঠে নিয়ে হাজির হয়েছেন পিঠে পুলি উৎসবে। পিঠে পুলির মান যাচাই করার জন্য রয়েছেন বিচারকেরা। পিঠের সাজ সজ্জা ও রন্ধন প্রনালির ওপর বিচার করে উৎকৃষ্ট মানের পিঠে পরিবেশনকারীকে পুরস্কার দেওয়া হবে। পিঠে পুলি উৎসব শেষে আয়োজিত হবে লোকনৃত্য ও কলকাতা থেকে আগত বাউল শিল্পীদের বাউল উৎসব।
জানা গেছে, পিঠে পুলি উৎসবে উপস্থিত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীরা তাদের তৈরি পিঠে অর্থাৎ খাবারের উপযুক্ত লাইসেন্সও সংগ্রহ করতে পারবেন উক্ত উৎসবে উপস্থিত স্বাহ্য দপ্তরের আধিকারিকদের কাছ থেকে।
অন্যদিকে, ১৫ই জানুয়ারির পিঠে পুলি উৎসবে সম্প্রতি কেরালার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হওয়া জাতীয় বিজ্ঞান মহাসভায় আলিপুরদুয়ারের হয়ে প্রতিনিধিত্ব করা আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাইস্কুলের ছাত্র দেবাঞ্জন মালাকারকে পুরস্কার দিয়ে সন্মানিত করেন বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী।
