নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ মার্চ ‘ ২০২০ :-

জেলা আলিপুরদুয়ারের অসম বাংলা সীমান্ত বারবিশা সংলগ্ন পাকরি গুড়ি । সেই চেক পোস্টেই করোনার জেরে ‘থার্মাল স্ক্রিনিং’ এর ব্যবস্থা করা হয়েছিল রবিবার । এবং তাতেই ফল মিলল হাতে নাতে । অসম থেকে বাংলায় প্রবেশ করা এক ট্রাক চালক ও তার খালাসী কর্মচারীর তীব্র জ্বর দেখে ,তাদের দুজনকেই ‘কোয়ারাইন্টাইন’ এ নেওয়ার তোড়জোড় শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর । এবং ঘটনায় মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ।
এ ব্যাপারে জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা এই করোনা রুখতে বিশেষ ব্যবস্থা পনার নোডাল অফিসার ড : সুবর্ণ গোস্বামী জানান , ট্রাকচালক ও খালাসী দুজনেরই প্রায় একশ দুই -তিন ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার জ্বর ও সর্দি কাশি রয়েছে । আমরা দুজনকেই বলেছি , হয় কোয়ারাইন্টাইনে আসতে সহায়তা করুন ,নতুবা অসমে ফিরে যান । তারা সিদ্ধান্ত নিচ্ছে ,আমরা অপেক্ষা করছি ।
অন্যদিকে , এই মুহূর্তে জেলা আলিপুরদুয়ারের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ২ জন কোয়ারাইন্টাইনে আছেন এবং আরও ১৫ জন ‘হোম কোয়ারাইন্টাইনে’ আছেন । আরও দুজন কোয়ারাইন্টাইন ছিলেন ,কিন্তু তাদের বিচ্ছিন্নতা থাকবার সময়কাল ২৮ দিন পার হয়ে গেছে বলেও জানিয়েছেন ড : গোস্বামী ।
এর পাশাপাশি , বাজারে অকুলান হ্যান্ড স্যানিটাইজারের পিছনে না দৌড়ে , লিকুইড সোপ ( বা সাধারণ সাবান ) দিয়ে মাঝে মাঝে হাত ধোয়ার অভ্যাস তৈরি করতে পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । এতে করোনার মারণ জীবাণু অনেকটাই আটকে দেওয়া যাবে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ ।