নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ জানুয়ারি’২০২০ :-

নাশকতা আটকাতে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের ১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসব। বাকি সব বিশেষত্বের সাথে পরিপূর্ণ নিশ্ছিদ্র নিরাপত্তা দেখা গেল ডুয়ার্স উৎসবে। প্রায় ১০০০ এর বেশী নিরাপত্তা কর্মী দিন রাত কাজ করছে, রয়েছে মেটাল ডিটেক্টর, মেটাল ডোর ফ্রেম ও পুলিশ কুকুর। নিরাপত্তাকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে দেখা গেল এই বছরের ডুয়ার্স উৎসবে। মেলার মোট ৫টি গেট ও জরুরি গেটে শতাধিক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। প্রতিটি গেটে রাখা হয়েছে মেটাল ডোর ডিটেক্টর, রয়েছে পার্সোনাল মেটাল ডিটেক্টরও। কেউ ব্যাগ নিয়ে প্রবেশ করলে ব্যাগ তল্লাশি চলছে। মেলার সামনের রাস্তাগুলোর প্রতিটি মোড়ে নিয়োগ করা হয়েছে নিরাপত্তা কর্মী। ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে রাস্তা। যানজট এড়ানোর জন্য ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো বড়ো গাড়ি। অনেক সময় দিনের ফাঁকা সময়ে আমজনতার থেকে বেশী নিরাপত্তা কর্মী দেখা যায় ডুয়ার্স এর মাঠে। ডুয়ার্স এর প্রতিটি মঞ্চে নিরাপত্তা রাখা হয়েছে সবথেকে বেশী। মূল মঞ্চের বাদিকে রাখা হয়েছে একটি নেটওয়ার্ক জ্যামার। এক পুলিশ কর্মী জানান, আপাতকালিন অবস্থার কথা মাথায় রেখে নেটওয়ার্ক জ্যামারটি বসানো হয়েছে। কোনো সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু চিহ্নিতকরণের জন্য পুলিশ কুকুরও রাখা হয়েছে ডুয়ার্স এর মাঠে।
পুলিশ সূত্রে জানা যায়, ডুয়ার্স উৎসবের মাঠে ৮০০ নিরাপত্তা কর্মী নিয়োজিত আছে এবং মাঠের বাইরে ২৫০ এর বেশী নিরাপত্তা কর্মী নিয়োজিত আছে। ১০০০ এরও বেশী পুলিশ এবং রেপিড এক্সন ফোর্স নিশ্ছিদ্র ভাবে নিরাপত্তা দিচ্ছে গোটা ডুয়ার্স উৎসব।
