নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৬ জানুয়ারি’২০২০ :-

খুন হয়েছে আলিপুরদুয়ার পূর্ব ভোলার ডাবরী এলাকার বছর পঁচিশের যুবক বাপি পন্ডিত । তেইশে জানুয়ারির রাতে তাকে খুন করা হয়েছে । অরবিন্দ নগর এলাকায় , বাড়িতে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে । খুন করে পুলিশকে নিজেই ফোন করেছে স্বয়ং খুনি । এবং তার পরেই পগারপাড় । তিন দিন হয়ে গেল , খুনির টিকির নাগালও পায় নি আলিপুরদুয়ার পুলিশ । খোঁজ চলছে , তদন্ত চলছে ।
এবং এই খুন নিয়ে আসরে বিবাদমান তৃণ-বিজেপি । তৃণমূলের দাবী , নিহত যুবক তাদের দলীয় কর্মী এবং খুনি একজন বিজেপি কর্মী-নেতা । স্বীকার করে নি বিজেপি ।
এবং তৃণ-বিজেপির এই টানা-হ্যাঁচড়ার মাঝেই , রিপাবলিক ডে ‘তে খুনিকে দ্রুত পাকড়াও করতে পথে নামল নিহত যুবকের পাড়াপ্রতিবেশী । আলিপুরদুয়ার বক্সা ফরেস্ট রোডে তারা মোমবাতি হাতে দাবী-প্রতিবাদ মিছিল করে । যে মিছিলের অধিকাংশ মুখ ছিল সাধারণ যুবক ও মহিলারা ।