নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯অক্টোবর’১৯:-

ছবি -অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ নিয়ে মৃত দম্পতির তিন সন্তান
কালীপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হল স্বামী-স্ত্রীর । ঘরে তিন শিশু সন্তান থাকা দম্পতির এহেন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ ডুয়ার্স । ঘটনাটি ঘটেছে, ময়নাগুড়ি ব্লকের গরুমারা জঙ্গল লাগোয়া রামশাই এলাকার যাদবপুর চা বাগান এলাকায়। সূত্রের খবর, সোমবার রাতে পেশায় চা বাগান শ্রমিক গাওনা ওরাওঁ ও তার স্ত্রী কুমারী ওরাওঁ রাতে অনুষ্ঠান দেখে বাগানের পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কিছুটা দূরেই চা বাগানের রাস্তায় তাঁরা হাতির সামনে পরে যান। শুঁড়ে তুলে তাঁদের আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি। মঙ্গলবার ভোরে বাগানে কাজে বেরিয়ে স্থানীয়রা ওই দম্পতির রক্তাক্ত মৃতদেহ পরে থাকতে দেখেন। জানা যায়, যেখানে ওই দম্পতির মৃত্যু হয়েছে তার কিছুদূরেই রয়েছে গরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই মোবাইল স্কোয়াডের অফিস। কীভাবে বনদপ্তরের কার্যালয়ের কাছে হাতির হানায় দু-জনের মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর ছড়াতেই এলাকায় মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বনবিভাগের কর্মীরা পৌঁছে, মৃত দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠানো হয়। বাগানের শ্রমিকরা জানিয়েছেন, ছোট ছোট তিনটি শিশুসন্তান রয়েছে ওই দম্পতির। আপাতত তাদের ভবিষৎ কি হবে ,সে প্রশ্নই উঠে আসছে জনমুখে ।