নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ডিসেম্বর’১৯:-

এক সপ্তাহ পর আগুনে ঝলসানো তরুণীর পরিচয় মিললো। জানা গেছে, মৃত তরুণীর বাড়ি শিলিগুড়ির অম্বিকানগরে, বয়স ২৪ বছর। বুধবার শিলিগুড়ি থেকে মালদহ এসে তরুণীর দেহ শনাক্ত করেন তাঁর মা। গত বৃহস্পতিবার ভোরে মালদার কোতুয়ালির ধানতলা এলাকায় একটি আমবাগানের মধ্যে ওই তরুণীর অর্ধদগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেহের পাশ থেকে উদ্ধার হয় পুরুষের এক জোড়া জুতো ও দেশলাই কাঠি। ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই তরুণীর পরিচয় জানার চেষ্টা শুরু করে পুলিশ।
জানা যায়, বিবাহবিচ্ছিন্না ওই তরুণীর দুই ছেলে মেয়ে রয়েছে। ২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানান, শিলিগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় তাঁর আধপোড়া দেহ, হাতের আংটির ছবি দিয়ে পোস্ট করে মালদা পুলিশ। অবশেষে ঘটনার এক সপ্তাহ পরে ওই তরুণীর দেহ সনাক্ত করলেন তার পরিবারের সদস্যরা। তরুণীর এক বান্ধবী জানিয়েছেন, এক যুবকের সঙ্গে দেখা করতে তিনি মালদায় এসেছিলেন। পুলিশের তরফে জানানো হয়েছে, যে জায়গা থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছিল তাঁর পাশেই ওই যুবকের বাড়ি। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্তের স্বার্থে ওই যুবক সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। ডিএসপি জানিয়েছিলেন, “বৃহস্পতিবার সকালেই নারকীয় এই ঘটনা ঘটেছে। তরুণীর ঊর্ধ্বাঙ্গ পুড়ে গিয়েছে। যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গণধর্ষণের শিকার ওই তরুণী। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পর পুলিশ সুপার জানিয়েছিলেন যে, ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। তবে ঠিক হয়েছিল ওই রাতে ? ময়নাতদন্তের পূর্নাঙ্গ রিপোর্ট ও ধৃতদের জেরা করেই তা স্পষ্ট হবে বলে জানান তদন্তকারীরা।
