নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১অক্টোবর’১৯:-

এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ৩১নম্বর সি জাতীয় সড়কে। সূত্রের খবর, সোমবার সকালে ফিরোজ আলম নামে এক বাইক আরোহী ৩১নম্বর জাতীয় সড়কে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় আচমকা একটি গাড়ি সজোরে বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। ধাক্কা মারার বিকট আওয়াজে ওই এলাকার মানুষেরা ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হসপিটালে পাঠায়। ঘটনার জেরে কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তার কিছুক্ষণ পর পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের পর দেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।