১৮ টি এথেনিক জনজাতির কৃষ্টি-সংস্কৃতির প্রতিফলন : স্বমহিমায় ১৬ তম ‘ডুয়ার্স উৎসবের’ লোকমঞ্চ |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৩১ ডিসেম্বর’১৯:-

১৬ তম বিশ্ব ডুয়ার্স উৎসবে লোক সংস্কৃতি মঞ্চে দেখা যাবে ১৮ টি জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২৯ শে ডিসেম্বর রবিবার থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে ১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসব। প্রতিবারের ন্যায় এবারও থাকছে মূল মঞ্চ, লোক মঞ্চ এবং শিশু মঞ্চ। ৩১শে ডিসেম্বর মঙ্গলবার থেকে লোক মঞ্চে শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন দুপুর ১২টা থেকে থাকবে লোক সংগীত, লোক নৃত্য, কবিতা এবং আবৃত্তি। প্রতিদিন সন্ধ্যায় থাকবে বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। মেচ, রাভা, গাড়ো, টোটো, মুন্ডা, সাঁওতাল, ওড়াও, রাজবংশী সহ মোট ১৮ টি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যাবে ১৬তম ডুয়ার্স এর লোক মঞ্চে।
লোক মঞ্চের দায়িত্বে থাকা ডুয়ার্স কমিটির সদস্য প্রমোদ নাথ বলেন, “৩১শে জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি ২০২০ পর্যন্ত ৮ দিন ব্যাপী লোক মঞ্চে বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। বিশ্ব ডুয়ার্স উৎসবের লোক মঞ্চের মাধ্যমে আমরা মোট ১৮টি জনগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরব। এছাড়াও প্রতিদিন দুপুরে স্থানীয় দের লোক নৃত্য, লোক সংগীত, কবিতা এবং আবৃত্তি থাকবে”।
লোক মঞ্চ ছাড়াও শিশু মঞ্চে কচিকাচা দের সংগীতানুষ্ঠান, নৃত্যনুষ্ঠান থাকছে প্রতিদিনই।

Leave a Reply

error: Content is protected !!