নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ডিসেম্বর’১৯:-

রবিবার সেবায়নের পরিচালনায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগ সহযোগিতায় গণ বিবাহের আয়োজন করা হয়েছিল কুমারগ্রাম চা বাগানের হাসপাতাল ময়দানে। জানা গেছে গোটা কুমারগ্রাম ব্লকে, এর আগে এই এলাকায় এতবড় গণ বিবাহ অনুষ্ঠিত হয়নি। এবছর এই গণ মঞ্চে মোট ১৬৪জোড়া পাত্র পাত্রীর বিয়ে দেওয়া হয়, যা কিনা সর্বকালের সেরা রেকর্ড। সবচেয়ে অবাক করা বিষয় হলো এতো দিন পর্যন্ত যারা সংসার করছেন ঠিকই কিন্তূ অর্থের কারণে ঘটা করে বিয়ে করা সম্ভব হয়নি সেই রকম কয়েক জোড়া দম্পত্তিরও বিয়ে হলো এদিন। কার্তিক চা বাগানের রমণী টোপ্পো তার ১০বছরের ছেলেকে সঙ্গে নিয়ে বিয়ে করলেন এই মঞ্চে। শুধু চার হাত এক করাই নয় বিয়ের পর তাঁদের দাম্পত্য জীবন যাতে সুন্দর ও সুখের হয় সেজন্যে তাঁদের হাতে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু সাংসারিক সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে খবর। আরেক দম্পতি জানান এরকম একটি সারা জাগানো মঞ্চে বিয়ে করতে পেরে তারা সত্যি দারুন খুশি। মাদলের সুরে আদিবাসী মহিলাদের নৃত্যের তালে বিবাহ মঞ্চ আনন্দ মুখর হয়ে ওঠেছিল। এমনকি সংগঠনের তরফে কয়েক হাজার মানুষের খাবারের ব্যবস্থাও করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের রাজস্থান, দিল্লী, উত্তরপ্রদেশসহ রাজ্যের বিভিন্ন স্থানের প্রতিনিধিরা, সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা, বিনোদ মিঞ্জ, মনোজ কুমার ওঁরাও সহ অন্যান্যরা।
