নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ ডিসেম্বর’১৯ :-

জঙ্গল লাগোয়া নদী চরে গরু চড়াতে গিয়েছিল এক হতভাগ্য কিশোর । সঙ্গে ছিল আরও তিন বন্ধু । সকলেই একটি বন গ্রামের বাসিন্দা । বাড়ি ফেরার সময় সশস্ত্র সীমা বলের জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ এবং ঘটনা মারাত্মক আকার ধারন করে । অভিযোগ , ভয় পেয়ে জওয়ানদের খপ্পর থেকে পালিয়ে আসার সময় এক জওয়ানের ছোড়া পাথরের আঘাতে নদী চরেই লুটিয়ে পড়ে চৌদ্দ বছরের কুশল লামা। পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার করে ক্ষোভে ফেটে পড়েন বন গ্রাম বাসীরা । থানায় এস এসবির জওয়ানদের নামে কমপ্লেনও জমা পড়ে । কিন্তু , ঘটনার দু মাস কেটে গেলেও আজ অবধি তার সুরাহা হয় নি । শুক্রবার , সেই মর্মেই আলিপুরদুয়ার জেলা শাসকের কাছে সুবিচার চাইতে এসেছেন জেলা আলিপুরদুয়ার এর কুমারগ্রামের ফরেস্ট ভিলেজের বাসিন্দারা । প্রায় শতাধিক বনগ্রাম বাসী , তাদের হাতে অপটু হাতে লেখা প্ল্যাকার্ড , কুশল লামার মৃত্যুর বিচার চাই ।
এদিন ডুয়ার্স কন্যায় ঢোকার মুখেই পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় । এই মুহূর্তে বন বাসীদের চার জন প্রতিনিধি সুবিচারের আশায় স্মারকলিপি জমা দিয়ে গেছেন জেলা শাসকের দরবারে । বাকিরা ইতস্তত বিক্ষিপ্ত দাঁড়িয়ে আছেন পুলিশী ব্যারিকেডের বাইরে । তাদের বক্তব্য, কোনো কিছুই করা হয় নি । অভিযুক্ত জওয়ানদের বিরোদ্ধে ন্যূনতম ব্যবস্থা নেই নি পুলিশ প্রশাসন । এমনকি , মৃতের ময়নাতদন্তের রিপোর্ট অবধি তারা হাতে পান নি ।
