চাই স্থায়ীকরণ-বেতনবৃদ্ধি : বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মীদের অবস্থান-ধর্না পড়ল ২০ দিনে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ ফেব্রুয়ারি’২০২০ :-

কামাখ্যাগুড়িতে কুমারগ্রাম ব্লকের বিএমও(এইচ)-এর অফিসের সামনে বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মীদের অবস্থান শনিবার ২০ দিনে পড়ল। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয় ওই অবস্থান কর্মসূচি। প্রতিদিন কয়েকঘন্টা করে ব্লকের ৬ জন পুরুষ স্বাস্থ্যকর্মী অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিন দুপুরেও তারা বিএমও(এইচ)-এর অফিসের সামনে অবস্থান কর্মসূচি করেন। স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরব হয়েছেন বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মীরা। তারা জানিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। জানা গিয়েছে, ২০১০ সালে স্বাস্থ্য বিভাগ চুক্তির ভিত্তিতে বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করে। বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মী দেবাঞ্জন রায়, গোকুল রায়রা জানান, ৮ বছর আগে মাত্র একবার তাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। আজ পর্যন্ত তাদের স্থায়ীকরণ করা হয়নি। স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয় গুলি বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। ফলে বাধ্য হয়েই এদিন তারা বিএমও(এইচ)-এর অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসেছেন বলে বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। দাবিপূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা।

Leave a Reply

error: Content is protected !!