নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১০ ডিসেম্বর’১৯ :-

জেলা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়াঙ্গনের জুতো কাণ্ডে জেরবার আলিপুরদুয়ার প্রাথমিক শিক্ষক মহল । ছাত্রছাত্রীরা খেলার মাঠের কুচকাওয়াজে খালি পায়ে কেন বলে ডিপিএসসি’র দিকে তোপ দেগে , প্রয়োজনে বরাদ্দ অর্থ জেলা শাসককে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য । এবং স্পষ্টতই অস্বস্তিতে পড়েছিলেন ডি পি এস সি চেয়ারম্যান অনুপ চক্রবর্তী । এবং এই ইস্যুতে সংবাদ মাধ্যমে বিবৃতি রাখতে দেখা গেছে প্রাক্তন চেয়ারম্যানকেও । আর তাতেই বেজায় চটেছে তৃণমূলের জেলা প্রাথমিক শিক্ষক সমিতি । বর্তমান চেয়ারম্যানের পাশে দাঁড়িয়ে তাদের স্পষ্ট সওয়াল , জুতো কাণ্ডের দায় কোনোভাবেই ডিপিএসসি’র নয় , দায় সার্কেল ইনস্পেক্টরের । এবং তৃণমূলের অন্দরের কিছু ক্ষমতালোভী-দুর্নীতিবাজ , এতে উস্কানি দিয়ে চলেছে জেলার মাথা হেঁট করবার জন্য । সংগঠনের পক্ষে জেলা সভাপতি কৌশিক সরকার এদিন সদস্যদের সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার প্রেস কর্নারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ জানিয়েছেন । তারা যে এটা একেবারেই বরদাস্ত করবেন না এবং বর্তমান চেয়ারম্যানকে হেনস্থার কাঠগড়ায় যারা দাঁড় করিয়েছে , তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া না হলে প্রয়োজনে সমিতি বৃহত্তর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা ।
পর্ষদ সভাপতির সাবধান বাণী যুক্ত টিপ্পনি , বর্তমান চেয়ারম্যানের সাফাই , প্রাক্তন চেয়ারম্যানের কটাক্ষ অভিযোগ এবং তৃণমূল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির এই হুঁশিয়ারি –অভিযোগ -পাল্টা অভিযোগে আপাতত সরগরম জেলা আলিপুরদুয়ারের প্রাথমিক শিক্ষক দুনিয়া । গুঞ্জন উঠেছে অলিগলিতে , তবে কি বর্তমান চেয়ারম্যানের চেয়ার টলেছে এবং জুতো কাণ্ডের ধুয়ো তুলে , তাকে সরিয়ে দিতেই কি কলকাঠি নেড়ে চলেছে দলের অন্দরেরই কেউ বা কাহারা ? প্রশ্ন অমূলক নয় এবং তার উত্তর দেবে আগামী সময়, বলাই বাহুল্য ।
ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
জেলা প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়াঙ্গনে জুতো কাণ্ডে উস্কানিদাতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, আলিপুরদুয়ার শাখার : ভিডিও বার্তা দেখুন এইখানে
