নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২সেপ্টেম্বর’১৯:-

দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর নদী থেকে উদ্ধার হল এক ছাত্রের দেহ। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ ইটাহার থানার গুলন্দর ২ গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামে। সূত্রের খবর, বছর দশের পঞ্চম শ্রেণীর ছাত্র নাম মোহাম্মদ সাহেব, পুকুরিয়া গ্রামে দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে, শনিবার দুপুরে সুঁই নদীতে স্নান করতে নামেন। কিছুক্ষন পর সাহেবের পরিবারের লোকজন নদীতে খোঁজ নিতে গিয়ে তার সন্ধান না পেলে, খবর দেওয়া হয় ইটাহার থানায়। রবিবার দুপুরে ইটাহার থানার পুলিশ, ঘটনাস্থলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালালে বিকেলের দিকে নদী থেকে দূরে উদ্ধার হয় সাহেবের মৃতদেহ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর পরিবারের হাতে সাহেবের দেহটি তুলে দেওয়া হবে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
