নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৯অক্টোবর’১৯:-

ছবি – অন্তর্জাল
বিজয়া দশমীর সকালে নৃশংসভাবে খুন হলো গোটা পরিবার। এক শিক্ষক ও তার আট বছরের শিশুপুত্র সহ তার অন্তঃসত্ত্বা স্ত্রী’কে গলা কেটে খুনের এই ঘটনায় স্তব্ধবাক গোটা বাংলা । নির্মম ও ভয়ানক এই ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থানার কানাইগঞ্জ লেবু বাগান এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ, তার বসতবাড়িতেই প্রকাশ পাল(৩৫), তার গর্ভবতী স্ত্রী বিউটি পাল(৩০) ছেলে অঙ্কন পালকে(৭) ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় ।
জানা গিয়েছে, শিক্ষক প্রকাশ পাল আদতে সাগরদিঘীর বাসিন্দা। ছেলের পড়াশুনার জন্যে জিয়াগঞ্জের এক বাড়িতে থাকতেন। সকাল দশটা নাগাদ বাজার করে বাড়ি ফেরার কিছুক্ষণ পর জিয়াগঞ্জের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পান প্রতিবেশীরা। প্রতিবেশীরা শিক্ষকের বাড়িতে গিয়ে দেখেন গোটা পরিবারকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। এক যুবককে তার বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যেতে দেখেন প্রতিবেশীরা।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে একটি রক্তাক্ত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে শিক্ষকের ঘর থেকে। পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তির জেরে খুন করা হয়েছে গোটা পরিবারকে। তদন্তের স্বার্থে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমে পুলিশ উক্ত যুবকের সন্ধানে তল্লাশি করছে।